জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- 'ইন্ডিয়া' আর 'চাচী ৪২০' ছবিতে কমল হাসানের মেকআপ দেখে যারা খামোশ হয়ে গিয়েছিলেন তাদের জন্য আরেকটা চমক নিয়ে আসছেন দক্ষিনের এই দক্ষ অভিনেতা। দেশভারতম নামের এই ছবিতে ১০টা ভিন্ন চরিত্রে অভিনয় করবেন তিনি যার মধ্যে একটি হলো মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের চরিত্র। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
ছবিতে হোয়াইট হাউজের একটি ডামিও তৈরি হবে চেন্নাইয়ে। সেটটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৪০ লাখ রুপি। সেখানেই বুশ চরিত্রে অভিনয় করবেন কমল।
হোয়াইট হাউজের দৃশ্যে দেখা যাবে জর্জ বুশ পুলিশ আফিসারদের মধ্যে পদক বিতরণ করছেন। পদক নেয়া এক অফিসারের ভূমিকাতেও থাকবেন কমল।
কমলের এই অভিনয়ের খবর মোটামুটি চাউর হয়ে গেছে ইতিমধ্যে। খবরটা শুনে রজনীকান্ত নিজে সেটে গিয়ে কমলের মেকাপ দেখে উচ্ছসিত প্রসংশা করেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯০৫ ঘ.
bdnews24