জুলাই ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৌকাডুবি' উপন্যাস নিয়ে ধারবাহিক নাটক তৈরি হচ্ছে। নাটকটি পরিচালনা করছেন নাহিদ আহমেদ পিয়াল। নাট্যরুপ দিয়েছেন আসাদুজ্জামান ও নাহিদ নিজে।
ধারাবাহিকটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে কালিয়াকৈরে ও মানিকগঞ্জের হরিরামপুরে। এতে অভিনয় করেছেন আতাউর রহমান, জিতু আহসান, অপি করিম, আহসান হাবিব নাসিম, কুসুম শিকদার, খায়রুল আলম সবুজ, খালেদ আক্তার কল্পনাসহ আরো অনেকে।
'নৌকাডুবি' শেষ হবে ৩২ পর্বে। আগস্ট থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে নাটকটি, জানালেন নাহিদ।
নাটকটি প্রসঙ্গে পিয়াল বলেন, "এর আগেও রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছি। রবীন্দ্রনাথের 'শেষকথা' গল্প নিয়ে নাটক করেছিলাম। এনটিভিতে বছর দুয়েক আগে রবীন্দ্রজয়ন্তীতে নাটকটি প্রচারিত হয়। একই চ্যানেলে আমরা তৈরি 'চার অধ্যায়' নাটকটিও প্রচারিত হয়। সেটিও রবীন্দ্রনাথের লেখা উপন্যাস। 'নৈাকাডুবি' বহুলপঠিত চমৎকার একটি উপন্যাস। চেষ্টা করেছি ভাল কাজ করতে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৪৮ ঘ
bdnews24