জুলাই ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দেশের বাইরে এর আগে ২টি টেলিফিল্ম তৈরি করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। '১৩ অক্টোবর' ও 'গুডবাই সিনোরিনা'। তার নিজস্ব প্রযোজনা সংস্থা বাণীচিত্র থেকে এর আগে করেছেন 'অতঃপর নুরুল হুদা' এবং 'নুরুল হুদা একদা ভালোবেসেছিল' নামের দুটি নাটক। এবার প্রথমবারের মতো দীর্ঘ ধারাবাহিক 'আমাদের নুরুল হুদা'র কাজ শুরু করেছেন তিনি।
অরণ্য আনোয়ার ও মাহফুজ আহমেদ দুজনেই পরিচালনা করবেন ধারবাহিকটি। প্রথম ২৬ পর্ব করবেন মাহফুজ। বাকী ২৬ পর্ব করবেন অরণ্য আনোয়ার। এর আগের নাটক দুটি পরিচালনা করেন অরণ্য আনোয়ার। ওই নাটক দুটি বিটিভেতে প্রদর্শিত হয়।
গ্রামের পটভুমিতে রচিত 'আমাদের নুরুল হুদা'র কাহিনী সংক্ষেপ এরকম : একজন বিলাসী তরুন শেফালী নামক এক মেয়েকে ভালোবাসে, তাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখে। ভাবীর গয়না বিক্রি করে নাড়িকেলের ব্যবসা শুরু করে বন্ধু কালামের সঙ্গে। কালাম তাকে ঠকায়।
কালামের প্রেমিকা গরীব ঘরের মেয়ে। বাবা মা মেয়েটিকে এক বৃদ্ধের কাছে বিয়ে দিতে চায়। কালাম এটা মেনে নিতে পারে না। সে ওই বুড়োকে বোঝানোর চেষ্টা করে। এভাবে দুই তরুনের প্রেমের কাহিনী নিয়ে নাটক এগিয়ে যায়।
ধারবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, আফজাল হোসেন, মৌসুমী, ইশিতা, হুমায়ূন ফরিদী, তারিন, তিশা, চ্যালেঞ্জার ,এটিএম শামসুজ্জমান, অরুনা বিশ্বাস, মীর সাব্বির। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি।
৫২ পর্বের ধারাবাহিকটির ১২ পর্বের শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে।
পরিচালনা প্রসঙ্গে মাহফুজ বলেন, "অরণ্য আনোয়ারের জন্যই ভরসা করে এগিয়ে এসেছি। সে অভিজ্ঞ নির্মাতা। তাছাড়া এর আগে নুরুল হুদার জন্য দেশে বিদেশে মানুষের যে ভালবাসা টের পেয়েছি সেটাও একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।"
এ ধারবাহিকটি আগের নুরুল হুদা নাটক দুটির সিকুয়েল নয় বলে জানান মাহফুজ।
এর আগে দেশের বাইরে দুটি টেলিফিল্ম পরিচালনা করেন মাহফুজ। সিঙ্গাপুরে করেন '১৩ অক্টোবর' ও ইতালী ও গ্রিসে করেন 'গুডবাই সিনোরিনা'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬২৯ ঘ
bdnews24