জুলাই ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১২ জুলাই বিটিভির নিজস্ব প্রযোজনা 'কে কার অলংকার' অনুষ্ঠানে গান গাইবেন এন্ড্রু কিশোর। দীর্ঘ ১০ বছর পর বিটিভির কোন অনুষ্ঠানে এটাই তার প্রথম সঙ্গীত পরিবেশনা। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টায় নিজের গাওয়া ৫টি গান নিয়ে হাজির হবেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
এন্ডু কিশোর যে গানগুলি গাইবেন সেগুলি হলো 'এক চোর যায় চলে', 'হায়রে মানুষ রঙিন ফানুস' 'ডাক দিয়াছেন দয়াল আমারে', 'সবাই তো ভালবাসা চায়' এবং 'জীবনের গল্প বাকী আছে অল্প'।
গানগুলি আলম খানের সুর করা। অনুষ্ঠানে সুরকারের সঙ্গে গায়কের আলাপচারিতাও থাকবে। আলাপের ভিতর দিয়ে গানগুলির রচনার ইতিহাস উঠে আসবে। আড্ডার সূত্রধর হিসেবে থাকবেন গীতিকার কবির বকুল। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনা করছেন বকুল নিজেই।
'কে কার অলংকার' এর এটাই প্রথম পর্ব। অনুষ্ঠানটি মাসে দু বার প্রচারিত হবে। এতে বরেণ্য কোনো শিল্পীর ৫টি গান এবং সেই গানগুলোর সুরকাররা থাকবেন।
অনুষ্ঠান প্রসঙ্গে কবির বকুল বলেন, "মানুষ ঘুরে ফিরে চির সবুজ গানগুলোই শুনতে চায়। এ প্রজন্মকে পুরোনো দিনের গানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০১৪ ঘ
bdnews24