৮ জুলাই (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'মনের মাঝে তুমি', 'মোল্লা বাড়ির বউ' এর পরে এবার আসছে মতিউর রহমান পানু প্রযোজিত 'ডাক্তারবাড়ি'। আগামী ১৩ জুলাই ছবিটি মুক্তি পাবে। ছবির পরিচালক আজিজুর রহমান। কাহিনীকার এটিএম শামসুজ্জামান।
ছবির কাহিনী তিন ভাইকে কেন্দ্র করে। বড় ভাই এটিএম শামসুজ্জামান, বাড়ি বাড়ি গিয়ে হোমিওপ্যাথির চিকিৎসা করেন, সঙ্গে থাকে এক কম্পাউন্ডার। এটিএমের স্ত্রী সুচরিতা।
মেজো ভাই অমিত হাসান এমবিবিএস ডাক্তার। তার নার্স জনা, কম্পাউন্ডার আফজাল শরীফ। অমিতের স্ত্রী ধনীর দুলালী শাবজান।
ছোট ভাই শাকিব, পশু ডাক্তার। তার কম্পাউন্ডার হোসেন। শাকিবের নায়িকা জনা।
ছবিতে আরো থাকে এক কবিরাজ সালাউদ্দিন লাবলু। তার স্ত্রী শিরিন বকুল। তারা নিঃসন্তান।
তিন ভাইয়ের সংসারে ভুল বোঝাবুঝি দেখা দেয়। সংসার ভেঙে যায়। তারপর নানা ঘাত প্রতিঘাত ও মজার কান্ডকারখানার মধ্য দিয়ে তাদের আবার মিলন হয়।
এটিএম শামসুজ্জামান বলেন, "আমার আগের ছবির মতো এটিও একটি সামাজিক বিনোদনধর্মী ছবি। আশা করি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।"
ছবিতে বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন খলিল ও নাজমুল হুদা বাচ্চু।
ছবির চিত্রগ্রহণ হাসান আহমেদ, সঙ্গীতে ইমন সাহা, সম্পাদনায় আছেন আমজাদ মহসীন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২১০৯ ঘ
bdnews24