জুলাই ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৫ বছর চুপচাপ থাকার পর দলছূট তাদের নতুন অ্যালবামের কাজে হাত দিয়েছে। কাজ চলছে জোরেশোরে। এর আগে ২০০২ সালে সর্বশেষ এই ব্যান্ড বের করেছিল 'আরশি' নামের অ্যালবামটি।
নতুন অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। তবে তিনটি গান এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। মোট ১০টি গান থাকবে অ্যালবামে। গানগুলির গীতিকার সঞ্জীব চৌধুরী, জুলফিকার রাসেল এবং রাসেল ও'নীল। সুর করছেন সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার।
এ প্রসঙ্গে ব্যান্ডটির অন্যতম সদস্য বাপ্পা বলেন, "দীর্ঘ ৫ বছর পর আবার অ্যালবাম নিয়ে আসছি। মাঝে কিছু গান নিয়ে পরীক্ষা করেছি। সেগুলোর বেশ কটি ভালো লাগেনি বলে বাদ দিয়েছি। আশা করছি এ অ্যালবামে ভাল কিছূ একটা দিতে পারবো।"
অ্যালবামটি আগামী রোজার ঈদে প্রকাশ করা হবে বলে জানালেন বাপ্পা।
দলছুটের এ পর্যন্ত তিনটি অ্যালবাম বেরিয়েছে। অ্যালবামগুলির নাম যথাক্রমে 'আহ', 'হৃদয়পুর', 'আরশি'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৩২ ঘ
bdnews24