বার্লিন, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) -- সোমবার জার্মানির মিলিটারি সাইটে টম ক্রুজ অভিনীত একটি ছবি শুটিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জর্মন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অ্যাডলফ হিটলারকে হত্যাচেষ্টার কাহিনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির নায়ক ক্রুজ সায়েন্টোলজি ধর্মের অনুসারী হওয়ার কারণে জর্মন সরকার এই আপত্তি তুললো।
এই ছবির অন্যতম প্রযোজক টম ক্রুজ নিজে। যে সায়েন্টোলজি ধর্মের অনুসারী ক্রুজ জার্মান সরকার তাকে স্বীকৃতি দেয় না। বার্লিনের বক্তব্য হলো, ধর্মের মুখোশে এ হলো টাকা বানানোর এক তরিকা। সায়েন্টোলজি ধর্মের নেতারা অবশ্য এ কথা বরাবরই অস্বীকার করে আসছে।
এ ব্যাপারে ক্রুজের ছবির প্রযোজনা সহযোগী ইউনাইটেড আর্টিস্টস এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পলা ভাগনার বলেন, "ক্রুজের ব্যাক্তিগত ধর্মবিশ্বাসের সঙ্গে এই চলচ্চিত্রের রুপরেখা, ভাবনা বা বিষয়বস্তুর কোন সম্পর্ক নেই।"
এ ব্যাপারে জর্মন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হেরাল্ড কামারবাউয়ের বলেন যে ওই চলচ্চিত্র নির্মাতারা কোন জর্মন মিলিটারি সাইটে শুটিংয়ের অনুমতি পাবেন না যদি ছবিতে কাউন্ট স্টাউফেনবার্গের ভুমিকায় অভিনয় করেন টম ক্রুজ, যিনি জনসমক্ষে নিজেকে সায়েন্টোলজি ধর্মের অনুসারী বলে দাবি করেছেন।
২০০৮ সালে ছবিটি মুক্তি দেওয়ার কথা। ছবিটি পরিচালনা করবেন ব্রায়ান সিঙ্গার।
১৯৪৪ সালে এক জর্মন কর্নেল হিটলারকে খুনের উদ্যোগ নিয়েছিলেন। ওই উদ্যোগে হিটলারের ঘনিষ্ট ৪ ব্যাক্তি মারা গেলেও হিটলার বেঁচে যান। পরে ওই কর্নেলের ফাঁসী হয়। এই কাহিনী নিয়েই ইউনাইটেড আর্টিস্টস টুম ক্রুজ অভিনীত ওই ছবি নির্মানের উদ্যোগ নিয়েছে। ছবিতে কর্নেলের ভুমিকায় টম ক্রুজকে নির্বাচন করা হয়।
ওই কর্ণেলের নাতীও এর আগে এ ব্যাপারে আপত্তি তুলে বলেছেন, ছবিতে টম ক্রুজকে নেয়া যাবে না। পরিবারের আপত্তির কথা জানিয়ে তিনি বলেন, এ ছবিতে ক্রুজকে নেয়া হলে তার ধর্ম সায়েন্টোলজিকে তুলে ধরা হবে। যেটা তারা চায় না।
ওই কর্নেলের নাম ক্লাউস শেঙ্ক গ্রাফ ভন স্টাউফেনবার্গ।
কর্ণেলের নাতি কাউন্ট ক্যাসপার শেঙ্ক ভন স্টাউফেনবার্গ বলেন, " ক্রুজের বিরুদ্ধে আমার বলার কিছু নেই। কিন্তু আমি এবং আমার পরিবারের অন্য সদস্যদের আশঙ্কা এই ছবিতে অর্থ বিনিয়োগ করা হবে তার ধর্মগোষ্ঠীর পক্ষ থেকে। এবং ওই ধর্মের প্রচারণায় এটিকে ব্যবহার করা হতে পারে। "
মার্কিন কল্পবিজ্ঞান লেখক রন হাবার্ড কর্তৃক উদ্ভাবিত ধর্ম সায়েন্টোলজি চালু হয় ১৯৫২ সালে। শারীরিক ও আত্মিক নানা সাধনার মাধ্যমে আত্মার মুক্তিই এর লক্ষ্য। বর্তমানে বিশ্বজুড়ে এর লক্ষাধিক অনুসারী রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮০৩ ঘ
bdnews24