জুন ২৩ (বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম) -- পরবর্তী বন্ড মুভি পরিচালনা করবেন মনস্টার বল ও ফাইন্ডিং নেভারল্যান্ড খ্যাত পরিচালক মার্ক ফস্টার, এর চিত্রনাট্য করবেন অস্কার বিজয়ী চিত্রনাট্যকার পল হ্যাগিস। তাকে সহযোগিতা করবেন নেইল পারভিস ও রবার্ট ওয়েড। আর ছবির থিম সং গাওয়ার উজ্জল সম্ভাবনা রয়েছে এমি ওয়াইনহাউজের। ক্যাসিনো রয়ালের মতোই ২২তম বন্ড মুভিতে ডেনিয়েল ক্রেইগ আবারো হাজির হবেন বন্ড চরিত্রে। ব্রিটিশ একাধিক পত্রিকা প্রকাশ করা হয়েছে এ তথ্য।
মার্ক ফস্টারের নির্বাচন বন্ড মুভির চরিত্রগত কিছু রদবদল ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ক্যাসিনো রয়ালের পরিচালক ছিলেন মার্টিন ক্যাম্পবেল। অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবির জন্য তিনি অধিক পরিচিত। ১৯৯৫ সালে তার পরিচালিত 'গোল্ডেন আই' ছবির মাধ্যমেই জেমস বন্ড হিসেবে পিয়ার্স ব্রসনানের অভিষেক ঘটে।
একাধিক সূত্রের কথা উল্লেখ করে একটি ব্রিটিশ পত্রিকা জানায়, এবারেও বন্ড মুভির কম্পোজার হিসেবে থাকবেন ডেভিড আর্নল্ড। এর আগের তিনটি বন্ড মুভির থিম সং কম্পোজ করেন তিনি। আর্নল্ডই পরবর্তী থিম সং এর জন্য এমিকে নির্বাচিত করেছেন।
আর্নল্ডের উদ্ধৃতি দিয়ে ডেইলি এক্সপ্রেস জানায়, " গত বছর সেরা রেকর্ডটি ছিল এমি ওয়াইনহাউজের। এখনো তাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। তবে আমি মনে করি পরবর্তী বন্ড মুভির জন্য সেই হবে উপযুক্ত।"
এর আগে যারা বন্ড মুভির থিম সং গেয়েছেন তাদের মধ্যে আছেন শার্লি ব্যাসে, গ্লাডিস নাইট, টিনা টার্নার।
পরবর্তী বন্ড মুভিটি হবে ক্যাসিনো রয়ালের পরের ঘটনা নিয়ে। ছবির চিত্রনাট্য প্রায় শেষের পথে। ছবিটি মুক্তি পাবে ২০০৮ সালের নভেম্বরে।
বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম/এমআইআর/১৭৩৪ ঘ
bdnews24