জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ৬ বছর বিরতি দিয়ে মাধুরী দীক্ষিত যশরাজ ফিল্মস এর 'আজা নাচলে' ছবির মাধ্যমে আবার ফিরে আসছেন রুপালী পর্দায়। রোববার স্টার ওয়ান ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে জনপ্রিয় টক শো কফি উইথ করণ এ হাজির হবেন এই বলিউড সুপারস্টার। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
দীর্ঘ বিরতির পর তার চলচ্চিত্রে ফিরে আসা, এর মধ্যে তার ও তার চারপাশে কী কী বদল ঘটে গেছে, তার পরিবার, যুক্তরাষ্ট্রে তার জীবন যাপন ইত্যাদি বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলবেন এই জনপ্রিয় তারকা।
টক শোতে মাধুরী স্বীকার করেন যে যখন 'আজা নাচলে' ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসে আদিত্য চোপরা তখন তিনি তাকে জিজ্ঞেস করেন, "তুমি কি সত্যিই মনে করো যে পর্দায় এখনো দর্শক আমাকে দেখতে চায়?"
অনুষ্ঠানের হোস্ট করণ জোহরকে মাধুরী বলেন, এর মধ্যে ইন্ড্রাস্ট্রিতে অনেক কিছু বদলে গেছে। অনেক কিছুই এখন পরিকল্পিতভাবে হয়। এটা অভিনেতাদের জন্য অনেক কাজে লাগে। স্বামী রামের সঙ্গে কীভাবে তার পরিচয় হয় সে কথাও বলেন মাধুরী।
র্যাপিড ফায়ার রাউন্ডে তাকে জিজ্ঞেস করা হয় রাম ছাড়া বলিউডের কোন তারকাকে তিনি সবচেয়ে আকর্ষণীয় পুরুষ মনে করেন। তার কাছে যেসব যেসব বিয়ের প্রস্তাব এসেছে সেগুলির কোনটা সবচেয়ে আকর্ষণীয় ছিল? শ্রীদেবী নাকি জুহি, কাকে তিনি বেশি পছন্দ করেন?
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯০৮ ঘ
bdnews24