জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বড় পর্দায় দীর্ঘদিন বিরতি দেওয়ার পর এবার মিনি পর্দায় ফিরে আসছেন রোজিনা। শুধু অভিনেত্রী হিসেবে নয়, পরিচালক হিসেবেও দেখা যাবে তাকে এবার। ১৯২৩ সালে লেখা শরৎচন্দ্রের 'দেনাপাওনা' উপন্যাস অবলম্বনে নির্মিত 'ষোড়শী' টেলিফিল্ম পরিচালনা করবেন তিনি। ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন আলমগীর। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
রোজিনা বলেন, "ইমপ্রেস থেকে এমন একটা অফার পাবো ভাবিনি। পূর্নদৈর্ঘ্য ছবিতে অনেক কাজ করেছি। করতে করতে একটা সাহস তৈরি হয়েছে এতোদিনে। সেই সাহস থেকে মনে হচ্ছে এই টেলিফিল্মটা পরিচালনা করতে পারবো। তাছাড়া সঙ্গে দীর্ঘদিনের সহকর্মী আলমগীর ভাইও আছেন। পরিচালনার ব্যাপারে তার কাছ থেকেও সাহায্য পাবো আশা করি।"
রোজিনা আরো বলেন, "এই টেলিফিল্মটির মাধ্যমে পরিচালনায় আমার হাতে খড়ি হচ্ছে। আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এরপর পূর্নদৈর্ঘ্য ছবিও পরিচালনা করতে পারবো।"
ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বদরুল আলম সৌদ।
ছবির নির্মান কাজ শেষ। এখন চলছে সম্পাদনার কাজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৯১২ ঘ
bdnews24