জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বেশ কিছুদিন বিরতি দেয়ার পর ফের চলচ্চিত্র নির্মাণে ফিরে আসছেন হুমায়ুন আহমেদ। ছবির নাম 'বড়মামা ও রাজকুমারী সুবর্ণলতা'। বরাবরের মতো এবারেও ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় থাকবেন এই কৃতি লেখক নিজেই। ছবিটি প্রযোজনা করবে একুশে টেলিভিশন।
একাধিক সূত্র থেকে জানা গেছে, খুব শিগগিরই ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। ছবিতে একজন লেখক একটি মেয়েকে নিয়ে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াবেন। মেয়েটিকে স্থানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। এ সবের ফাঁকে ফাঁকে ঘটবে নানান মজার কাণ্ড।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর ও মেহের আফরোজ শাওন। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে আবার শাওন ফিরে আসছেন অভিনয়ের জগতে।
এছাড়াও যারা অভিনয় করবেন তাদের মধ্যে রয়েছেন মাজনুন মিজান, এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, চ্যালেঞ্জার।
এই ছবিটি দিয়েই একুশে টেলিভিশন তাদের চলচ্চিত্র প্রযোজনার কাজ শুরু করতে যাচ্ছে।
এদিকে হুমায়ূন আহমেদের সর্বশেষ কাজ 'চন্দ্র কারিগর' এর শুটিং শেষ হয়েছে। এর চিত্রায়নের কাজ হয়েছে গাজীপুরের নুহাশ পল্লীতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭১৬ ঘ
bdnews24