লস এঞ্জেলস, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস সোমবার এক পুত্র সন্তানের মা হলেন। স্বামী ড্যানি মোডারের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান। পিপল ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ তথ্য।
রবার্টস এর মুখপাত্র মার্সি এঙ্গেলম্যান জানান, লস এঞ্জেলস হাসপাতালে সন্তান ভুমিষ্ঠ হয়। জন্মগ্রহণের সময় তার ওজন ছিল সাড়ে ৮ পাউন্ড। এই দম্পতির ২ বছর বয়স্ক জমজ ২টি বাচ্চা রয়েছে।
মার্সি জানান, "মোডার পরিবার এখন দারুন উৎফুল্ল।" নবজাতকের নাম রাখা হয়েছে হেনরি ড্যানিয়েল।
জুলিয়া রবার্টসের বয়স এখন ৩৯। ২০০২ সালে তিনি বিয়ে করেন ৩৮ বছর বয়স্ক ক্যামেরাম্যান মোডারকে।
২০০৪ সালে তাদের কোল জুড়ে আসে জমজ সন্তান ফিনেউস ও হ্যাজেল।
২০০১ সালে 'এরিন ব্রোকোভিচ' ছবিতে অভিনয়ের জন্য জুলিয়া রবার্টস অস্কার লাভ করেন। এছাড়াও রবার্টস অভিনীত 'স্টিল ম্যাগনোলিয়াস' ও 'প্রিটি ওম্যান' ব্যপকভাবে দর্শকনন্দিত হয়। এ বছরের শেষ নাগাদ'চার্লি উইলসনস ওয়ার' ছবিতে দেখা যাবে এই হলিউড অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করেছেন মাইক নিকোলাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৫৪ ঘ
bdnews24