জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বিতর্কিত লেখক সালমান রুশদিকে নাইটহুড উপাধি দেওয়ায় এবার পাকিস্তান ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পাকিস্তানের সংসদে সোমবার সর্বসম্মতভাবে এ ব্যাপারে বৃটেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মুসলমানদের ক্ষোভ এড়ানোর জন্য রুশদির নাইটহুড উপাধি প্রত্যাহারেরও দাবি জানানো হয় সংসদে। এর আগে রবিবার ইরান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে অসন্তোষের কথা জানানো হয়। খবর একাধিক বার্তা সংস্থার।
ইসলামের জন্য অবমাননাকর 'দি স্যাটানিক ভার্সেস' লেখার জন্য ১৮ বছর আগে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি সালমান রুশদির প্রাণদন্ড ঘোষণা করেন। ভারতে জন্ম নেয়া রুশদি তখন ৯ বছরের জন্য আত্মগোপনে যেতে বাধ্য হন।
রাণী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে শনিবার যে অনার্স লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য রুশদিকে নাইটহুড উপাধি দেয়া হয়।
পাকিস্তানের জাতীয় সংসদের প্রস্তাব পাঠ করে সংসদ বিষয়ক মন্ত্রী শের আফগান বলেন, "এই সংসদ সালমান রুশদিকে 'স্যার' উপাধি দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে।"
আফগান বলেন, "আমরা দাবি জানাচ্ছি, মুসলিম জনগোষ্ঠীর অনুভূতিকে আঘাত করে এমন কাজ থেকে বৃটেন যেন বিরত থাকে এবং রুশদিকে দেয়া 'স্যার' উপাধি প্রত্যাহার করে নেয়।"
সংসদের ওই প্রস্তাবে আরো বলা হয় যে, এই পুরষ্কার ইসলাম ধর্মের নবীকে 'অবমাননা' করার উৎসাহ যোগাবে।
ইরানের মতো পাকিস্তানও ইসলামী প্রজাতন্ত্র। ১৬ কোটি জনসংখ্যার এ দেশের সিংহভাগই মুসলমান। ১৯৮৯ সালে রুশদির 'স্যাটানিক ভার্সেস' বইকে কেন্দ্র করে এক দাঙ্গায় সেখানে ৫ জন পাকিস্তানি মারা যায়।
এর আগে রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি রুশদিকে এই সম্মাননা জানানোর ঘটনাকে ইসলামের বিরুদ্ধে পরিচালিত একটি উদ্যোগ হিসেবে চিহ্নিত করেন।
হোসেইনি বলেন, "একজন বিশ্বাসঘাতক ও ঘৃণিত ব্যাক্তিকে সম্মাননা জানানোর ফলে অনিবার্যভাবে বৃটিশ কর্তৃপক্ষ ইসলামী সমাজগুলোর সঙ্গে যেচে বিবাদে জড়িয়ে পরলো।"
তিনি আরো বলেন, "ইসলামী সমাজের চোখে সবচেয়ে ঘৃণিত একজন লোককে বিশেষ তকমা দিয়ে মূলত উচ্চ পর্যায়ের বৃটিশ কর্তারা ইসলামের সঙ্গে বৈরিতার কথাই ঘোষণা করলো।"
বৃটেনে প্রতি দু বছর অন্তর সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাণীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। এ বছর ৯৪৬ জনকে এই সম্মাননা জানানো হয়। এর মধ্যে নাইটহুড উপাধি পান ২১ জন।
১৯৪৭ সালে রুশদী ভারতের মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বৃটেনের রাগবি স্কুল ও কেমব্রিজে পড়াশোনা করেন তিনি।
রুশদির দ্বিতীয় উপন্যাস 'মিডনাইটস চিলড্রেন' ১৯৮১ সালে বুকার পুরষ্কার লাভ করে। ১৯৯৩ সালে উপন্যাসটি পঁচিশ বছরের মধ্যে সেরা উপন্যাস হিসেবে বিবেচিত হয়। রুশদি ইংলন্ডের রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সদস্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৬২৮ ঘ
bdnews24