জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যার আবির্ভাবমাত্রই বাংলাদেশের গানের ভুবন সচকিত হয়ে উঠেছিল সেই হায়দার হোসেন ২ বছর পর ফের নতুন অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন। অ্যালবামের নাম এখনো ঠিক করা হয়নি। অ্যালবামে থাকবে মোট ১২টা গান। হায়দার হোসেনের সঙ্গে কথা বলে এই খবর জানা গেছে।
অ্যালবামটির কথা ও সুর বরাবরের মতো এবারো হায়দারের নিজের। বারিধারার বেঙ্গল স্টুডিওতে গানগুলি রেকর্ডের কাজ চলছে।
হায়দার জানান, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে রচিত হয়েছে গানগুলো। হরতাল নিয়ে থাকবে একটি গান। ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রিয়াল এস্টেট ব্যবসা নিয়ে থাকবে আরেকটি।
এরই মধ্যে ৭টি গানের রেকর্ডিং হয়ে গেছে বলে জানা গেছে। সবগুলো গানের রেকর্ডিং শেষ করে অ্যালবাম প্রকাশ করতে করতে আরো কয়েক মাস লেগে যাবে। সে হিসেবে আগামী রোজার ঈদে অ্যালবামটি বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৮৩০ ঘ
bdnews24