জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- তুরষ্ক সরকারের আমন্ত্রণে বালাজী টেলিফিল্মের কর্ণধার একতা কাপুর এখন তুরষ্কে। ভারতীয় চ্যানেল স্টার প্লাসের 'কসৌটি জিন্দেগি কি' ও 'কসম সে' সিরিয়ালের শুটিং করবেন তিনি সেখানে। তুরষ্ক সরকারই জনপ্রিয় এই সিরিয়াল দুটির শুটিং করার জন্য ভারতের মিনি পর্দার এই রাণীকে আমন্ত্রণ জানিয়েছেন সে দেশে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
শুটিং এর পাশাপাশি ছুটিও কাটাবেন একতা। বন্ধু ও সংখ্যাতত্ত্ববিদ সুনীতা কাপুরসহ অন্যান্য বন্ধুরাও যোগ দিয়েছেন তার এই সফরে।
এ প্রসঙ্গে একতা মজা করে বলেন, "তুরষ্ক ভারতীয় পর্যটকদের জন্য খুবই আকর্ষনীয় একটা জায়গা। ওদের সরকার বুঝতে পেরেছে তুরষ্কে ভারতীয় পর্যটক বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো সে দেশে আমাদের সিরিয়ালগুলি চিত্রায়নের সুযোগ করে দেওয়া।" এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সিরিয়াল দুটির শুটিং চলবে বলে জানান তিনি।
দুটো সিরিয়ালেই কাজ করছেন রনিত রায়। তুরষ্কের এই শুটিং করার জন্য মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে অভিনয়ের সুযোগটা ছেড়ে দিয়েছেন তিনি।
কম খরচের মধ্যে শুটিং সম্পন্ন করার জন্য নানা কসরৎ করছেন একতা। বলেছেন, " একটা ইউনিটের কাজ শেষ হয়ে গেলে ওই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা মুম্বাই চলে যাবে। এরপর অন্য সিরিয়ালে পাত্রপাত্রীরা এখানে আসবে।" এ নিয়ে অবশ্য এখনো কেউ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৪৩ ঘ
bdnews24