১২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) -- ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চন আবার ফিরে আসছেন ছোটপর্দায়। খুব শিগগিরই 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। মঙ্গলবার এক ভারতীয় পত্রিকা জানিয়েছে এ খবর।
পত্রিকাটি জানায়, গত কয়েক মাস ধরেই বেশ কটি টেলিভিশন চ্যানেলের কাছ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার আমন্ত্রণ পেয়েছেন বচ্চন। এর মধ্যে সোপ অপেরা থেকে নন- ফিকশনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল।
৬৪ বছর বয়ষ্ক বচ্চন বলেন, "এসব প্রস্তাবের একটি বা তার বেশিও আমি কবুল করতে পারি। খুব শিগগিরই করবো এটা।"
১৯৯০ এর দশকে দ্বিতীয় বারের মতো অভিনয় জগতে ফিরে আসেন অমিতাভ। তবে প্রথম দিকে বিনোদন কোম্পানি এবিসিএল নিয়ে বেশ বিপাকে পরেন। এরপর ধীরে ধীরে অভিনয়ে মনোনিবেশ করেন ৭০ ও ৮০'র দশকের এই জনপ্রিয় অভিনেতা। মিনিপর্দায় ' কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠান তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়।
এটি ছাড়া আর কোন টিভি শোতে তিনি এখনো অংশ নেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৩৮ ঘ
bdnews24