জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নানা কাহিনীর জন্ম দিয়ে বিয়ে করে মধুচন্দ্রিমা শেষে ফের বলিউডের কর্মক্ষেত্রে ফিরে আসছেন ঐশ্বরিয়া বচ্চন। এর মধ্যে হাওয়া পাল্টে গেছে অনেকখানি। ভারতীয় এক ওয়েবসাইট সুত্রে জানা গেছে, এর আগে যাদের দিলে দাগা দিয়েছেন অ্যাশ, বিয়েতে যারা নিমন্ত্রণ পাননি সবাই দারুন খেপে আছে বচ্চন পরিবারের উপর। বলিউডের চার খান, ঋত্বিক আর বিবেক ইতিমধ্যেই ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখান করেছেন। এবার কার সঙ্গে অভিনয় করবেন অ্যাশ, সেটাই দেখবার বিষয়।
সালমান খান, শাহরুখ খান ও আমীর খান, ঋত্বিক রোশান, বিবেক ওবেরয় ও সাইফ আলী খান ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ে অসম্মতি জানিয়েছেন।
অ্যাশ অভিষেক বিয়ের সময় বিশ্বকাপ উপলক্ষে শাহরুখ খানের বাড়িতে ডাকা পার্টিতে সালমান, শাহরুখ ও অন্যরা সিদ্ধান্ত নেন যে তারা আর অ্যাশের সঙ্গে অভিনয় করবেন না। এর পরপরই সাইফ আলী খান করন জোহরের 'মনসুখানি' ছবি থেকে সরে আসেন। ওই ছবিতে তার সঙ্গে ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া।
'ধুম ট'ু ছবিতে ঋত্বিকের সঙ্গে ঐশ্বরিয়ার চুম্বন দৃশ্য নিয়ে আগেই বিব্রত ছিল বচ্চন পরিবার। এর জের ধরেই বিয়েতে রোশান পরিবারকে আমন্ত্রণ জানানো হয় নি বলে ধারনা করা হয়। এ কারণে রোশান পরিবারও ক্ষুদ্ধ।
এর আগে শেষ মুহুর্তে আমির খানের 'মঙ্গল পান্ডে' ছবি থেকে সরে দাড়ানোয় অ্যাশের উপর চরমভাবে খেপে আছেন আমির খানও।
বলাবাহুল্য, হৃদয়ঘটিত ঝামেলার কারণে সালমান খান আর বিবেক ওবেরয়ও অ্যাশের সঙ্গে অভিনয় করবেন না।
এভাবে বলিউডের ৬ জন শীর্ষ তারকাকে বাদ দিলে অ্যশের নায়ক হওয়ার জন্য এক অভিষেক ছাড়া আর প্রথম সারির বিশেষ কাউকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাড়িয়েছে। অ্যাশ ইতিমধ্যে 'সরকার টু' এবং করন জোহরের পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ দুটি ছবিতেই তার নায়ক অভিষেক।
আমোদ মেহরা নামে বলিউডের এক পর্যবেক্ষক বলেছেন, "বিয়ে ও অন্যান্য বিষয়গুলো মিলে ঐশ্বরিয়ার চলার পথ অনেকখানি বন্ধুর করে তুলেছে। এখন অভিষেককে নিয়েই তার কাজ করতে হবে। ইন্ড্রাস্ট্রির অর্ধেক লোকই আর তার সঙ্গে কাজ করতে চাইবে না। অক্ষয় কুমার আর সঞ্জয় দত্ত ছাড়া তার আর বাছাই করার সুযোগ নেই।"
সমালোচক তারান আদর্শ বলেন, "সবকিছু আসলে নির্ভর করছে পরের ছবিগুলোতে অভিষেকের সঙ্গে তার জুটিটা কেমন দাড়ায় তার উপর। এটা দাড়িয়ে গেলে চিন্তা নেই, নয়তো অ্যাশের সামনে মহাবিপদ অপেক্ষা করছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭২৬ ঘ
bdnews24