২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাই মোনা! লং টাইম নো সি

মোনা সিংয়ের কথা কি মনে আছে আপনার? 'জ্যাসি জ্যায়সি কোই নেহি'র এই নায়িকা একটা হিট সিরিয়াল করে দীর্ঘ দিন চুপচাপ ছিলেন। এরপর হোস্ট হয়েছেন একটা রিয়ালিটি শো'র। ভারতের একটি ওয়েবসাইট জানায়, সনি টিভির নতুন রিয়ালিটি শো 'এক্সট্রিম মেকওভার' এর হোস্ট হিসেবে কাজ করেছেন তিনি। মার্চে এই শো দেখানোর কথা থাকলেও এখনো সেটা আলোর মুখ দেখেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- মোনা সিংয়ের কথা কি মনে আছে আপনার? 'জ্যাসি জ্যায়সি কোই নেহি'র এই নায়িকা একটা হিট সিরিয়াল করে দীর্ঘ দিন চুপচাপ ছিলেন। এরপর হোস্ট হয়েছেন একটা রিয়ালিটি শো'র। ভারতের একটি ওয়েবসাইট জানায়, সনি টিভির নতুন রিয়ালিটি শো 'এক্সট্রিম মেকওভার' এর হোস্ট হিসেবে কাজ করেছেন তিনি। মার্চে এই শো দেখানোর কথা থাকলেও এখনো সেটা আলোর মুখ দেখেনি। এক্সট্রিম মেকওভারের সঙ্গে মোনার সংশ্লিষ্টতার খবর এমনকি নাচের শো 'ঝলক দেখলা যা' এর পরিকল্পনার আগে চাউর হয়। ঝলকের শুটিং এর সময় মেকওভারের প্রোমোর শুটিংও করেন মোনা। মোনা নিজেই জানিয়েছেন, "এক্সট্রিম মেকওভার শুটিং এর সময় আমরা ভেবেছিলাম মার্চ নাগাদ এটি প্রচারিত হবে। পরে শিডিউল ঠিক করা হয়েছিল এপ্রিল - মে নাগাদ। কিন্তু এখন মনে হচ্ছে আগস্টের আগে আর এটা প্রচার করা যাবে না।" কেন এই দেরি সে ব্যাপারে মোনার মন্তব্য, আসলে শো এর কনসেপ্টের মধ্যে কিছু বিষয় আছে যে কারণে এই দেরি হচ্ছে। এক্সট্রিম মেকওভার ইন্ডিয়া ১৩ পার্টের রিয়ালিটি সিরিজ। এর বিষয় মানুষের হতশ্রী মুখাবয়ব নিয়ে। জন্মগত ক্রটি বা অন্য নানা কারণে অনেকের মুখশ্রী নষ্ট হয়ে যায়। যারা তাদের এই বাজে মুখশ্রীর জন্য লজ্জিত থাকেন তাদের নবজীবন দানের লক্ষ নিয়েই তৈরি করা হয়েছে এই সিরিয়াল। 'জ্যাসি' সিরিয়ালে মোনা অভিনীত চরিত্রে চেহারা নিয়ে এক্সপেরিমেন্ট এর বিষয়টি থাকার কারণেই তাকে এই রিয়ালিটি শোতে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৩ জন নির্বাচিত ব্যাক্তির অবয়ব কসমেটিক সার্জারি, দাঁত ও চোখের সার্জারির মাধ্যমে বদলে দেওয়া ছাড়াও তাদের খাদ্যাভ্যাস, ফিটনেসসহ বিভিন্ন বিষয়ের পরামর্শ দেয়া হয় এই অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কের একটি অনুষ্ঠানের আদলে সাজানো হয়েছে এই 'এক্সট্রিম মেকওভার'। একজনের চেহারা সারাইয়ের জন্য তিন মাস সময় ধার্য করা হয়েছে। এই সময়কালে নির্বাচিত ১৩ জন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না। শো'র লক্ষ্য হলো এদের চেহারার বদলটা দেখিয়ে দর্শকদের সঙ্গে সঙ্গে তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের চমৎকৃত করে দেওয়া। মোনা বলেন, "সার্জারিগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রেই মুখ ফুলে ওঠে। মুখ পরীক্ষার পর ডাক্তার সিদ্ধান্ত নেন আরো সার্জারি লাগবে কি না। এই দীর্ঘ প্রক্রিয়ায় একেজনের ধৈর্যেরও পরীক্ষা হয়ে যায়।" মোনা জানান, "দেশের বিভিন্ন এলাকা থেকে মেকওভারের অংশগ্রহণকারীদের বাছাই করা হয়েছে। একটা মেয়ের নাক ছিল তার চিবুকের মধ্যে বাসানো। বেচারা ঠিকমতো শ্বাসও নিতে পারতো না। এটা ঠিক করার জন্য দীর্ঘ শল্য চিকিৎসার দরকার হয়। চিকিৎসার পর যখন তার নাক আর মুখকে ঠিক জায়গায় দেখলো মেয়েটা তখন তার বিস্ময় আর আনন্দ দেখে কে। নিজের চেহারাটা ছবির মতো সুন্দর দেখে আনন্দে সে হাউমাউ করে কেঁদে ফেললো। পুরো প্রক্রিয়াটা আমার চোখের সামনে হয়েছে। ওর আনন্দ দেখে আমারও কী যে ভাল লাগলো।" এরকম আরো কিছু ঘটনার কথা উল্লেখ করেন মোনা। যেমন চেহারার জন্য চাকরি পাচ্ছিলেন না এক লোক... কিংবা মুখে একটা গভীর ক্ষত থাকায় এক মেয়ের বিয়ে হচ্ছিল না... ইত্যাদি। পরিবার তাদের মেনে নিলেও সমাজের কাছে তারা অপাংতেয় ছিল। মোনা বলেন, "এই অনুষ্ঠান করতে এসে আমি এই দীক্ষা পেয়েছি যে খোদার সব সৃষ্টিকেই আমাদের সম্মান করা উচিত।" মোনার মতে, রিয়ালিটি শো হওয়ার কারণে এটা নিয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই। "এটা যদি চিত্রনাট্যনির্ভর শো হতো তাহলে অনেক আগেই শেষ করে ফেলা যেতো। কিন্তু আমরা কাজ করছি বাস্তব জীবন নিয়ে। আর চিকিৎসার কাজটা তো তাড়াহুড়া করে করার কোন উপায় নেই।" তবে প্রচারিত হওয়ার পর এই অনুষ্ঠান যে সাড়া ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই মোনার। এই সিরিয়ালের আনন্দ বেদনার কাব্য অনেককেই স্পর্শ করবে, এ ব্যাপারে তিনি নিশ্চিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭২৪ ঘ