জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পালি হিলে গেলে অনেক পর্যটকই দিলীপ কুমারের বাসাটা দেখে আসেন। শিল্পসৌকর্যমন্ডিত এই গৃহখানি আর দেখা যাবে না কয়েকদিন পরেই। হিন্দি চলচ্চিত্রের এই প্রবাদপ্রতিম অভিনেতার বাংলোখানি অচিরই গুড়িয়ে দেয়া হচ্ছে। সেখানে এখন উঠবে বহুতল ভবন। খবর ভারতীয় একটি ওযেবসাইটের।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু এ ব্যপারে পরিষ্কার করে কিছু না বললেও অভিনেতার ভাতিজা আয়ূব খান বিষয়টি নিশ্চিত করেছেন। আয়ূব খান বলেন, "এটা খুবই দুখঃজনক। ৪৮, পালি হিল ছিল পর্যটকদের অন্যতম একটা আকর্ষন।"
এই বাড়ির জায়গায় কী হবে সেটা এখনো জানেন না আয়ূব। তবে জানিয়েছেন, এর পাশের বাড়িটি এক ডাক্তারের। সেটিও ইতিমধ্যে ভেঙে সেখানে দালান উঠছে।
রিয়াল এস্টেটের চড়া বাজারে পালি হিলে এখন প্রতি বর্গফুট জায়গার মূল্য ১৫ হাজার থেকে ২০ হাজার রুপি। বিল্ডাররা এ ধরনের পুরোনো বাংলো ভেঙে রিয়াল এস্টেট গড়ে তোলার ব্যাপারে খুবই আগ্রহী।
দিলীপ কুমার এই বাংলোটি কেনেন ১৯৫০ এর দশকে। সে সময় দেবদাস, মধুমতি, নয়া দৌড় ইত্যাদি ছবির সুবাদে তার তারকাখ্যাতি ছিল গগনচুম্বী। ১৯৬৬ সালে তার বাসার কাছেই বসবাস করা নায়িকা সায়রা বানুকে বিয়ে করার পর দিলীপ সায়রার বাসায় গিয়ে ওঠেন। দিলীপ কুমারের ভাই আসলাম ও এহসান খান তখন ওই বাংলোয় থাকতেন। দিলীপের বাংলোয় বিশাল বাগান আর একটা চমৎকার ব্যাডমিন্টন কোর্ট আছে।
রমেশ সিপ্পির 'শক্তি' ছবির শুটিংয়ের আগে তাকে এই কোর্টে নিয়মিত খেলতে দেখা গেছে। ওই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ছবিতে বচ্চনের পাশাপাশি তাকে যেন দেখতে বেঢপ না লাগে সেজন্য নিয়মিত খেলে শরীরটা ফিট করে নেন দিলীপ কুমার।
ভারতের ১৯৬০ এর দশকের আরো অনেক বলিউড তারকার বাড়ি ভেঙে সেখানে বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে।
দিলীপ কুমারের আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি দিলীপ কুমার নামটি ধারণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯২২ ঘ.
bdnews24