মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ২৯ মে বলিউডের বিশিষ্ট প্রযোজক ও পরিবেশক জগদীশ সোধাকে মাদক রাখার দায়ে গ্রেফতার করেছে ভারতের অ্যান্টি নারকোটিক সেল। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট ( এনডিপিএস) এর আওতায় মাদক ব্যবহারের দায়ে আরো ৭ বলিউড অভিনেতাকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সাবেক বিশ্বসুন্দরী ডায়ানা হেইডেন অভিনীত 'আব..বাস!' ছবির প্রযোজক ছিলেন জগদীশ। সঞ্জয় দত্ত অভিনীত 'বাস্তব', সালমান খান অভিনীত 'বন্ধন' এবং 'গজিলা'র ভাষান্তরিত সংস্করণটিরও পরিবেশক তিনি।
গ্রেফতারের পর জগদীশকে ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। মাদকদ্রব্য সংরক্ষন ও ব্যবহারের কারণে এনডিপিএস অ্যাক্টের ২১, ২৭ ও ২৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
নাগপাড়া পুলিশ হাসপাতালের চিকিৎসকদের পরীক্ষায় জগদীশের শরীরে মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও তার সঙ্গে ছিল ১০০ গ্রাম মাদক।
২০০৬ সালের নভেম্বরে একই অভিযোগে রবীন্দ্র জৈন গ্রেফতার হন। তিনি চলচ্চিত্র তারকাদের কোকেন সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। জৈনের মামলার তদন্ত করতে গিয়েই জগদীশের নাম বেরিয়ে আসে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/ ১৬৪৬ ঘ
bdnews24