২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স ২০০৭ এর মুকুট পরলেন জাপানি সুন্দরী রিও মোরি

২০০৭ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হলেন ২০ বছরের জাপানি ব্যালে নর্তকী রিও মোরি। এবার নিয়ে দ্বিতীয়বার কোন জাপানি তরুনী এই সম্মান পেলেন। এর আগে ১৯৫৯ সালে শেষবার জাপানের আকিকো কোজিমা এশিয়ার প্রথম মিস ইউনিভার্স হওয়ার সম্মান লাভ করেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

১০ হাজার দর্শকের উপস্থিতিতে মেক্সিকো সিটিতে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চুড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে প্রায় ৬০ কোটি মানুষ মিনি পর্দায় এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করে।

জাপানের ফুজি পর্বতের পাদদেশের ছোট্ট শহর শিজোকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন মোরি। বিচারকদের সাথে তার সাক্ষাৎকার পর্বের শুরুতে তিনি ‘হোলা মেক্সিকো’ বলে অভিবাদন জানানোর সময় উপিস্থত মেক্সিকানরা উল্লাসে ফেটে পরেন।

বিচারকদের সঙ্গে সাক্ষাৎকার পর্বে প্রশ্নের জবাবে মোরি বলেন, “ সবসময় সুখী থাকার, ধৈর্যশীল, ইতিবাচক হওয়ার শিক্ষা আমি পেয়েছি শৈশবেই স্কুলে পড়ার সময়। আমার পরবর্তী প্রজন্মকে এটাই আমি শেখাতে চাই।”

চুড়ান্ত প্রতিযোগিতার পুরষ্কার ঘোষণার আগে কালো, লাল ও গোলাপি রঙের জাপানি স্টাইলের গাউন পরে রিও মোরি বেশ নার্ভাসভাবেই প্রথম রানার আপ ব্রাজিলের নাতালিয়া গুইমারায়েজের হাত ধরে ছিলেন। যখনই মিস ইউনিভার্স হিসেবে তার নাম ঘোষণা করা হলো একবার বিজয়ের আনন্দে শুন্যে ছুড়ে পরক্ষনেই মুখ ঢাকলেন তিনি আবেগ আর আনন্দাশ্রু সামলাতে।

খুব দ্রুতই নিজেকে সামলে নিয়ে হীরক ও মুক্তা খচিত শিরোপাটি, যার মূল্য আড়াই লাখ ডলার, মাথায় তুলে নিলেন মোরি, নিজ হাতেই। কারণ, ২০০৬ সালের মিস ইউনিভার্স পুয়ের্টো রিকোর জুলেকা রিভেরা তার মাথায় শিরোপাটি পরিয়ে দেয়ার সময় সেটি পিছলে পরে যাচ্ছিল, মোরি সেটি ধরে ফেলেন দ্রুত, ধুলুণ্ঠিত হওয়া থেকে রক্ষা করেন এবং তার যোগ্য জায়গায় বসিয়ে দেন বহুমূল্য শিরোপাটি।

এক নাচের স্কুলের অপারেটরের মেয়ে মোরি বলেন যে, তার দাদীমা ছোটবেলাতেই তাকে বলেছিলেন, তার যখন ২০ বছর হবে তখন তাকে তিনি মিস জাপান হিসেবে দেখতে চান।

শিরোপা লাভের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোরি বলেন, “ এখন আমার বয়স ২০ বছর। আমি খুবই উত্তেজিত যে এই বয়সেই আমি সমাজের কাজে নিজেকে যুক্ত করতে পারছি।”

মোরির ইচ্ছা টোকিওতে তিনি একটি আন্তর্জাতিক মানের নাচের স্কুল চালু করবেন।

মিস ইউএসএ র‌্যাচেল স্মিথ ইভিনিং গাউন প্রতিযোগিতার সময় মেঝেতে আছাড় খেয়ে পরে গিয়েছিলেন। তারপরও চুতর্থ রানার আপের সম্মান পেয়েছেন তিনি।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন ভেনিজুয়েলার লি জোনাইটিস, তৃতীয় রানার আপ কোরিয়ার হানি লি।

অন্যান্য পুরষ্কারের পাশাপাশি উদ্যোক্তাদের সৌজন্যে বিজয়ীরা এক বছর বিশ্ব ভ্রমণ করতে পারবেন।

৭৭ জন বিজয়ী থেকে সোমবার ১৫ জন ফাইনালিস্ট নির্বাচিত করা হয়। সেখান থেকে ১০ জন, এরপর ৫ জন এবং তারপর চুড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মিস ইন্ডিয়া টপ টেনে থাকলেও শীর্ষ পাঁচে বাদ পরে যান।

প্রতিযোগিতার বিচারক ছিলেন : অভিনেতা জেমস কাইসন লী, মডেল লিন্ডসে ক্লুবাইন, টনি রোমো, রক শিল্পী ডেভ নেভারো, অলিম্পিক ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন মিশেল কাওয়ান, সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট কেন পেভেজ, ফ্যাশন ডিজাইনার মার্ক বাউয়ার, ‘প্রজেক্ট রানওয়ে’ বিচারক ও এলি ম্যাগাজিনের ফ্যাশন ডিরেক্টর নিনা গার্সিয়া ও সাবেক মিস ইউনিভার্স ডেয়ানারা টরেস।

বিশ্বের প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার লং বিচে। ১৯৯৬ সালে মার্কিন রিয়াল এস্টেট মোগল ডোনাল্ড ট্রাম্প এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে আবির্ভূত হন।