কান উৎসবে আজীবন সম্মাননা পেলেন জেন ফন্ডা
ষাটতম কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পুরষ্কারে ভূষিত হলেন বিশিষ্ট মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী জেন ফন্ডা। উৎসবের প্রধান গিলেস জ্যাকব তার হাতে এই পুরস্কার তুলে দেন।
১৯৪৬ সাল থেকে এ যাবৎ ব্যতিক্রমী এই গোল্ডেন পাম পুরষ্কারটি মাত্র তিন জন পেয়েছেন। ফরাসী পরিচালক অ্যালেইন রেসনেইস, গেরার্ড ওইরি এবং ফরাসী অভিনেত্রী জেন মর্যু। জেন ফন্ডা হলেন চতুর্থ ব্যাক্তি।
পুরষ্কার দেয়ার সময় জ্যাকব মজা করে বলেন, “ আমি কখনো কল্পনাও করিনি কান চলচ্চিত্র উৎসবে এমন একজনকে সম্মানিত করা হবে এফবিআই যার উপর গোয়েন্দাগিরি করে আসছে দীর্ঘদিন ধরে, যার নামে ২০ হাজার পাতার একটা ফাইল তৈরি করেছে তারা।”
জেন ফন্ডা বরাবরাই যুক্তরষ্ট্রের ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের বিরোধিতা করে আসছেন।
জ্যাকব তার উদ্দেশ্যে বলেন, “ আপনি সেই জাতের নারী যে লড়াই করে এবং জয়লাভ করে।”
৬৯ বছর বয়স্ক ফন্ডা এই সম্মাননা পেয়ে অভিভুত। ফরাসী ভাষায় তিনি বলেন, “ আমার মনে হচ্ছে আজ আমার বাবা আমার সাথে আছেন। ফন্ডা পরিবারের সবাই তোমাকে ধন্যবাদ জানাচ্ছে।”
জেন ফন্ডার বাবা হেনরি ফন্ডা ১৯৮২ সালে মারা যান।
জেন বলেন, “আমার বাবা প্রগতিশীল ছবি পছন্দ করতেন। এবং সেসব ছবি আমাকে অনেক কিছু শিখিয়েছে, শিখিয়েছে ন্যায়পরায়নতা, গনতন্ত্র...... বাবা যে ঐতিহ্যের মধ্যে আমাকে রেখে গেছেন তার জন্য আমি গর্বিত।”
