এবার আন্তর্জাতিক সঙ্গীতের ভুবনে লতা!
দীর্ঘ ৬০ বছর বলিউডের গানের জগতে রাজত্ব করার পর অবশেষে বাইরের দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন লতা মুঙ্গেশকার। সঙ্গীতকার আদেশ শ্রীবাস্তব তার একটি অ্যালবামের মাধ্যমে ঘটাতে চাচ্ছেন এই ঐতিহাসক ঘটনা। এ বিষয়ে লতা এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তাকে সম্মত করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রীবাস্তব। ভারতের একটি সংবাদ সংস্থা জানিয়েছে এ খবর।
শ্রীবাস্তব ওই সংবাদ সংস্থাকে বলেন, “আমি ওয়েইক্লেফ জিন এর সাথে একটা অ্যালবাম করছি। আমি চাই লতা দিদি এই অ্যালবামে কিছু যোগ করুন। অ্যালবামে মেলোডির আনন্দ আর মৌতাত একমাত্র তিনিই ছড়িয়ে দিতে পারেন।”
তিনি বলেন, “অ্যালবামে ঢোলের কাজ রয়েছে ব্যাপক, তবে লতা দিদির কণ্ঠস্বর ছাড়া এই অ্যালবাম অসম্পূর্ণ থেকে যাবে।”
লতা মুঙ্গেশকার এখন ব্যস্ত আছেন তার গজলের অ্যালবাম নিয়ে। গত দু দশকের মধ্যে তিনি কোন গজলের অ্যালবাম করেননি। শ্রীবাস্তবের প্রস্তাব নিয়ে তিনি ভাবছেন।
শ্রীবাস্তব বলেন, “ তাকে এটা করতেই হবে। আশাজী এতোবার আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন, অথচ লতাজী এক্ষেত্রে এখনো পিছিয়ে আছেন, এটা মেনে নেয়া যায় না। আমি যেভাবেই হোক তাকে রাজী করাবো।”
