কফি উইথ করনে এবার একতা কাপুর
ভারতের বালাজী টেলিফিল্মস এর কর্ণধার একতা কাপুর এবার আসছেন ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে। রোববার ভারতীয় সময় রাত ৯টায় স্টার ওয়ার্ল্ড ও সাড়ে ৯টায় স্টার ওয়ান চ্যানেলে করন জোহরের টক শোতে দেখা যাবে এই কৃতি প্রযোজককে। তার সঙ্গে থাকবেন রাম কাপুর, রনিত রায় ও হিতেন তেজানী। ভারতীয় একটি ওয়েবসাইট জানিয়েছে এ খবর।
করনের সাথে আলাপচারিতায় একতা বলবেন নিজের সম্পর্কে আর বালাজীর সিরিয়ালগুলির বিভিন্ন বিষয় নিয়ে। যেমন, এর নানা মোচড়, বাঁক, প্রজন্ম থেকে প্রজন্মে লাফিয়ে যাওয়া, একেকটা চরিত্র খুন হয়ে ফের ফিরে আসা ইত্যাদি বিষয়ও ব্যাখ্যা করবেন। করনের সাথে আলাপচারিতায় স্মৃতি ইরানী ও রাজীব খান্ডেলওয়ালের সাথে তার সম্পর্ক সত্যিই কেমন সেটাও বলবেন একতা।
অন্যদিকে রাম, রনিত ও হিতেন জানাবেন একতা কাপুরের সাথে তাদের উষ্ণ ও আন্তরিক সম্পর্কের কথা; একতার মেজাজ মর্জি বুঝে কীভাবে তারা আচরণ করেন, কথা বলেন ইত্যাদি। তারা স্বীকার করবেন, আজ একতার কারনেই তারা এতোটা জনপ্রিয়, তাদের মতো আরো শত শত তারকা এই সিরিয়ালগুলির সুবাদে আজ মিলিওনিয়ার।
র্যাপিড ফায়ার রাউন্ডে রাম রনিত আর হিতেন একতাকে প্রশ্ন করে জানতে চাইবে তার পছন্দ অপছন্দের কথা, নাচ বোলিয়েতে কে জয় লাভ করবে? টেলিভিশনের অমিতাভ বচ্চন বলা যায় কাকে? এবং কিউকি’র বা’র আসল বয়স কতো? ইত্যাদি।
