২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি থেকে তুলসীর ব্যাপারে কোন চাপ আসেনি : একতা কাপুর

 গুজব উঠেছিল, স্টার প্লাস এর ‘কিঁউকি কি শাস কি কভি বহু থি’ সিরিয়াল থেকে তুলসী চরিত্রের স্মৃতি ইরানীকে বাদ দেয়ায় সিদ্ধান্তে বিজেপি রুষ্ট হয়েছে। তারা একতা কাপুরের উপর চাপ প্রয়োগ করেছে যেন স্মৃতি ইরানীকে ওই সিরিয়াল থেকে বাদ দেয়া না হয়। এই গুজবকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়ে একতা কাপুর বলেন যে, ভারতীয় জনতা পার্টি অনেক বড় রাজনৈতিক দল। এ ধরনের ছোটখাট বিষয় নিয়ে তারা মাথা ঘামায় না। ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 06:51 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

একতা বলেন, “বিজেপির মতো সম্মানিত একটি প্রতিষ্ঠান এরকম তুচ্ছ বিষয় নিয়ে আগ্রহ দেখাবে এটা আশা করা যায় না। তাছাড়া, আমাকে দেখে কি মনে হয় যে চাপের মুখে আমি নতি স্বীকার করার মতো মেয়ে।”

২০০৩ সালে স্মৃতি ইরানী বিজেপিতে যোগ দেন। দীর্ঘদিন অভিনয় করার পর সম্প্রতি ‘কিঁউকি’ সিরিয়াল থেকে তিনি প্রস্থান করেছেন।

একতা জানান, “স্মৃতি এই শো থেকে চলে যাচ্ছে। তার অবসর দরকার। তাকে আমরা কিছুদিন বিশ্রামে রাখবো। ভবিষ্যতে এই শোতে সে অন্য ভুমিকায় আসবে কিনা সেটা এখনো ঠিক হয়নি। তবে স্মৃতি যে সিদ্ধান্তই নিক, সে সবসময়ই বালাজীর অংশ হয়ে থাকবে।”

আগামী দিন পনেরোর মধ্যেই সিরিয়ালে তুলসীর চরিত্রটি বদলে যাবে। তবে ওই চরিত্রে নতুন কে আসবেন সে ব্যাপারে এখনো একতা কিছু বলেননি।

একতা বলেন, “ হতে পারে পদ্মিনী কোলাপুরে কিংবা গৌতমী। সপ্তাহখানেকের মধ্যে আমরা বিষয়টি চুড়ান্ত করবো।”