লারা দত্তের ইটের বদলে আরশাদের পাটকেল
টিট ফর ট্যাটের প্রবাদটা বলিউড অভিনেত্রী লারা দত্ত এবার মর্মে মর্মে অনুধাবন করতে পারছেন। মাস দুয়েক আগে অনিল কাপুর প্রযোজিত একটি ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন এই সাবেক বিশ্বসুন্দরী, আরশাদ ওয়ারসির বিপরীতে তিনি অভিনয় করবেন না বলে। কারণ ওতে তার জাত না গেলেও স্টারইমেজের ক্ষতি হতে পারে বলে আশংকিত ছিলেন তিনি। ফলে যখন যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে অনুষ্ঠিতব্য আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনার জন্য লারার সঙ্গে আরশাদকেও আমন্ত্রণ জানানো হলো তখন আরশাদও জানিয়ে দিলেন, লারা থাকলে তিনি ওই অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন না। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
অনুষ্ঠানের পক্ষ থেকে একজন নিশ্চিত করেছেন, “ওই অনুষ্ঠানে আরশাদ যাবেন, তবে স্রেফ দর্শক হিসেবে।”
আগের ঘটনাটি সম্পর্কে একটি সূত্র জানায়, “ অনিল কাপুরের ছবিতে লারা দত্ত প্রথমে অভিনয়ে সম্মত হয়েছিলেন। তিনি জানতেন নায়ক হিসেবে থাকবেন অক্ষয় খান্না। কিন্তু অনিল কাপুর পরে আরশাদকে নেওয়ার সিদ্ধান নেন। এটা জেনে লারা ওই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন।”
সুত্রটি এও বলে, “লারার চলচ্চিত্রের ক্যারিয়ার এখনো দোদুল্যমান। ফলে সে চায় বড় অভিনেতাদের সাথে অভিনয় করতে। একারণেই ওয়ারসির কথা শুনে সে ছবিটি থেকে পিছিয়ে এসেছে।”
কাপুরের ছবিতে লারার বদলে এখন অভিনয় করছেন অমৃতা রাও। পরিচালনা করছেন নিরজ বোরা। ছবির নাম এখনো ঠিক হয়নি।
