সালমান খানের হরিণহত্যার কাহিনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র
বেশ কয়েক বছর আগে একটি দূর্লভ প্রজাতির হরিণ হত্যার অপরাধে বলিউড অভিনেতা সালমান খানের ৭১ ঘন্টার জেল হয়েছিল। সেই কাহিনী নিয়ে পরিচালক রঞ্জিত শর্মা এখন একটি ছবি তৈরি করতে যাচ্ছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
১৯৯২ সালে এই কান্ডটি ঘটানোর পর সালমান খানের বিচার হয় যোধপুর আদালতে। তখন তিনি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য জোধপুরে অবস্থান করছিলেন।
৭১ ঘন্টা জেল খাটার পর সালমান উচ্চ আদালত থেকে জামিন পান। হাজতি হিসেবে তার নম্বর ছিলো ২১০।
যোধপুরবাসী কামাল শ্রীমালি ‘কয়েদি নাম্বার ২১০’ ছবির চিত্রনাট্যটি লেখেন। আশা করা যাচ্ছে, এই ছবিতে ঘটনার সঙ্গে জড়িত আসল ব্যাক্তিরাই অভিনয় করবেন। অর্থাৎ মূল চরিত্রে থাকবেন সালমান খান। সেই সঙ্গে যে উকিল সালমানের হয়ে লড়েছেন তিনিও অভিনয় করবেন ছবিতে।
শর্মা বলেন, “রাহুল রায় ছাড়া উকিলের চরিত্রে আর কাউকেই মানাবে না। তবে আমাদের ইচ্ছা আসলজনকে নিয়েই ছবি করার। যাতে ছবিটা বাস্তবসম্মত হয়।”
তিনি আরো জানান, যোধপুর কারা কর্তৃপক্ষ তাকে থানার ভিতর শুটিং করার অনুমতি দিয়েছেন।
শর্মা ইতিমধ্যেই ঘটনার সময় জড়িত অন্যান্য ব্যাক্তিদের তার ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করেছেন। যে মারুতি জিপসি গাড়িতে চড়ে সালমান হরিণ মেরে ছিলেন সেই গাড়ির চালক ছবিতে অভিনয় করার জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন।
সালমানের পক্ষে লড়া উকিল হাসতিমাল সারাওয়াত জানিয়েছেন, তিনি ছবিতে অভিনয় করার জন্য পরিচালকের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তবে এ ব্যাপারে তিনি এখনো সিদ্ধান্ত নেন নি।
এদিকে বিষ্ণয়ী কমিউনিটির প্রতিনিধিত্বকারী উকিল মহীপাল বিষ্ণয়ীও এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, “আগে স্ক্রিপ্ট পড়ি তারপর সিদ্ধান্ত নিব।”
রাজস্থানের বিষ্ণয়ী কমিউনিটি এই কালো হরিণ পূজা করে। যে এলাকায় হরিণটি হত্যা করা হয়েছিলো তা ছিলো বিষ্ণয়ী প্রধান অঞ্চল।
শর্মা অবশ্য আশা করেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকেই রাজি করাতে পারবেন। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন তিনি।
