টিনটিনের স্রষ্টা হার্জ এইডস রোগে মারা যান
বিশ্বসাহিত্যের অমর চরিত্র টিনটিন এর স্রষ্টা হার্জ এইডস রোগে মারা গিয়েছিলেন বলে দাবি করেছেন তার জীবনীকার। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে তার শরীরে এইডসের জীবানু ঢুকে থাকতে পারে বলে তিনি অনুমান করেন। একটি ভারতীয় ওয়েবসাইট থেকে জানা গেছে এ খবর।
বেলজিয়ামের এই বিখ্যাত কার্টুনিস্টের জন্মশতবর্ষ চলছে এ বছর।
হার্জের আসল নাম জর্জেস রেমি। হার্জের জীবনীকার ফিলিপ গোডিন বলেন, “১৯৮৩ সালে যখন তিনি মারা যান তখন এইচআইভি সম্পর্কে মানুষ জানলেও মানুষের রক্তে এর উপস্থিতি শনাক্ত করা যায় নি।”
জন্মগত কিছু শারিরীক ক্রটির কারণে (কোপ্রোপরফিরিয়া) হার্জকে জীবনের শেষদিন পর্যন্ত প্রতি সপ্তাহে একবার ব্লাড ট্রান্সফিউশন করতে হতো অর্থাৎ অন্যের রক্ত নিজের শরীরে নিতে হতো।
ব্রাসেলসের এক সংবাদপত্রের সাথে সাক্ষাৎকারে গোডিন বলেন, “এক সময় তিনি লাগাতারভাবে নানারকম ইনফেকশনে ভুগতে শুরু করেন যার সাথে তার রোগটির কোন সম্পর্ক ছিল না।”
গোডিন বিশ্বাস করেন, নিয়মিত রক্ত গ্রহণের ফলে নিঃসন্দেহে তার শরীরে ফ্লু, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস তাকে উপুর্যপরি আঘাত হানে। এবং এইডসে আক্রান্ত হওয়ার কারণে এসব থেকে হার্জ আর রেহাই পাননি।
এখনো পর্যন্ত সবাই জানেন ১৯৮৩ সালের ৩ মার্চ লিউকোমিয়ায় ভুগে মারা গেছেন হার্জ।
বেলজিয়ামের এই কৃতি সন্তানের জন্মশতবার্ষিকীতে দেশটি বিশেষ ডাকটিকেট প্রকাশ করছে। প্রথমবারের মতো ব্রাসেলস থেকে ২০ কিলোমিটার দূরে লুভেইন- লা- ন্যুভ এলাকায় হার্জ মিউজিয়ামের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। জুনের ৩ তারিখে ব্রাসেলসের সিটি হলে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এ উপলক্ষে।
টিনটিনকে নিয়ে স্পিলবার্গের ট্রিলজির প্রথম পর্বটি ২০০৯ বা ২০১০ সাল নাগাদ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
