বিসমিল্লাহ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র
ওস্তাদ বিসমিল্লাহ খানের পালিতা কন্যা তার বাবার উপর একটি বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছেন। ‘ইয়াদ এ বিসমিল্লাহ’ নামের এই প্রামাণ্যচিত্রে বিসমিল্লাহ খানের জীবন ও সঙ্গীতের উপর আলোকপাত করা হবে। খবর ভারতীয় বার্তা সংস্থার।
বিসমিল্লাহ খানের পালিতা কন্যা ড. সোমা ঘোষ নিজেও গুনী শিল্পী। বিখ্যাত সানাই বাদক বাবার উপর চলচ্চিত্র নির্মানের ইচ্ছে তার অনেক দিন ধরেই। এই ছবিতে বিসমিল্লাহ খানের কিছু দু®প্রাপ্য ফুটেজ থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমা বলেন, “গুরু শিষ্যের পরম্পরা কীভাবে কাজ করে তার একটা বর্ণনা আমার ছবিতে তুলে ধরতে চাই। কীভাবে তালিম দেওয়া হয়, শিষ্যের সাথে গুরুর বন্ধনটা কেমন হয় সেটাও দেখাতে চাই এই ছবিতে।”
“ভাল সঙ্গীত সম্পর্কে আমাদের ধারণা আজকাল দ্রুত বদলে যাচ্ছে। এই ছবিতে আগের দিনে গুরুর কাছে যখন শিষ্য শিখতে যেতো তখন সঙ্গীত চর্চাটা কেমন হতো সেই স্মৃতিটা আমি ধরে রাখতে চাই এ ছবিতে।” ব্যাখ্যা করে বলেন সোমা।
‘ইয়াদ এ বিসমিল্লাহ’ শুরু হবে মামার বাড়িতে ওস্তাদ বিসমিল্লাহ খানের যাত্রার দৃশ্য দিয়ে। সেখানে কীভাবে তিনি সানাইয়ের প্রেমে পরলেন সেটা তুলে ধরা হবে। খানের মামা এই রত্নটিকে ঠিকই চিনেছিলেন। তাকে তিনি নিজের কাছে রেখে পুত্রবৎ স্নেহে লালন পালন করেন এবং সঙ্গীতের দরকারি প্রশিক্ষন দেন।
সোমার স্বামী জাতীয় পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্রকার শুভংকর ঘোষ নিজেই এই প্রামাণ্য চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনার কাজ করছেন।
সোমা বলেন, “আমরা জনসাধারণকে একজন মহান সুরকারের জন্ম এবং কীভাবে তিনি সুরের আরাধনা করতেন তা জানাতে চাই।”
ওস্তাদ বিসমিল্লাহ খানের সাথে সোমা ৫ বার দ্বৈত সঙ্গীতে অংশ নিয়েছিলেন যার মধ্যে একটা প্রেসিডেন্ট ভবনের অনুষ্ঠান। ৯১ বছর বয়সে বিসমিল্লাহ খান সোমার জন্য ‘আরাধনা’ নামে একটি ভজনের অ্যালবাম করেন।
প্রামাণ্যচিত্রটি শেষ হবে খানের সমাধিতে তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে। তোপধ্বনির পাশাপাশি ‘রঘুপতি রাঘব’ গানটিও বাজতে থাকবে।
এই ছবিতে যেসব বিখ্যাত শিল্পীরা অংশ নেবেন তাদের মধ্যে আছেন গিরিজা দেবী, ড. বালমুরালীকৃষ্ণ, বেগম পারভীন সুলতানা, ওস্তাদ দিলশান খান, পন্ডিত ব্রিজনারায়ন ও ড. এন রাজন।
জুনের প্রথম সপ্তাহে নিউ দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৪০ মিনিটের এই প্রামাণ্য চলচ্চিত্রটি উদ্ধোধন করবেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
