স্বাধীন থিয়েটারের নতুন নাটক বৃন্দাবনে রাধা
স্বাধীন থিয়েটারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাজ্জাদ আলম রচিত ও মনির হোসেন জীবন নির্দেশিত নাটক ‘বৃন্দাবনে রাধা’ গত ৩০ এপ্রিল ২০০৭, সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হয়।
নাটকের কাহিনীতে দেখা যায়, ছোট জাতের বৃন্দা ভালবাসে জমিদার কন্যা রাধাকে। প্রতাপশালী জমিদার বংশ, গৌরব আর ক্ষমতার উঁচু আসনে বসে সে ভালবাসা মানতে পারে না। কুচক্রি নায়েব ক্ষমতার দম্ভে ঘি ঢেলে দেয়। রাধাকে বৃন্দার ভালবাসার শক্ত শিকল কাটতে বাধ্য করে জমিদার হেমন্ত চ্যাটার্জী। পবিত্র গীতা ছুঁয়ে রাধা চিরদিনের জন্য ভুলে যেতে চায় বৃন্দাকে। রাধার এমন বহুরূপী আচরণে বদ্ধ উন্মাদ হয়ে যায় বৃন্দা। গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বৃন্দার বাবা গগণ। সব হারিয়েও শেষ রক্ষা হয় না তার। জমিদারের নিষ্ঠুর নির্মম নির্যাতন আর হিংসার বলি হয় বৃন্দা। রাধাও বৃন্দার কাছে শেষ আশ্রয় খোঁজে। কিন্তু দর্শকরা কি সত্যিই বৃন্দাবনে রাধাকে খুঁজে পায়?
এ সম্পর্কে নাটকের নির্দেশক মনির হোসেন জীবন বলেন, “সবাই মিলেমিশে স্বাধীন থিয়েটারকে শিল্পী গড়ার শিল্প প্রতিষ্ঠানে পরিনত করবো, এই ছিল স্বপ্ন। দলের প্রথম প্রযোজনা অধ্যাপক জাকির হোসেন এর ‘নীতির ইতি’ নাটকের সফল মঞ্চায়নে সেই স্বপ্ন মূল্য পেতে শুরু করেছে। ভেবেছিলাম ‘নীতির ইতি’র পর রাজনীতি নিয়ে মঞ্চে নাটক আনব। তা হলো না। মঞ্চে নিয়ে এসেছি প্রেমনীতি। রচয়িতার কল্পনায় আঁকা প্রেম-বিচ্ছেদ নিয়ে লেখা ‘বৃন্দাবনে রাধা’ নাটকটি গতানুগতিক নাট্যধারা থেকে একটু ভিন্ন। কেমন হয়েছে তা দর্শকরা বলতে পারবেন। তবে এতটুকু বলবো সমাজ পরিবর্তনের নাটক চাই, মন পরিবর্তনের নাটকও চাই। এ নাটকের মাধ্যমে দর্শকদের হয়ত মন পরিবর্তনের একটা আবেশ হয়ত পাবেন।
নাটকটির মঞ্চ পরিকল্পনায় ছিলেন বাপ্পী রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় অধ্যাপক জাকির হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-সাজ্জাদ আলম, জান্নাতুল ফেরদেীস রীমা, পুতুল, শিশির আহ্মেদ, শান্তনা, বি রাজা, মামুন, বাবুল খান, শাকিল মাহমুদ, সাজু আহমেদ, দেশ, আপেল, নাজ, বাধন, আকাশ, শাওন, রবিন, লিটন প্রমুখ। আলোক পরিকল্পনায় ছিলেন নজরুল। আবহ সঙ্গীত পরিচালনা করেন শাহীন খান।
‘বৃন্দাবনে রাধা’ নাটকটি স্বাধীন থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা।
