২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পাইডার ম্যান থ্রি’র পরতে পরতে ভুল

‘স্পাইডার ম্যান থ্রি’ নিয়ে দুনিয়া জুড়ে চরম হৈ চৈ। আয়ের ক্ষেত্রে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ছবিটি। মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই যুক্তরাজ্য থেকে ছবিটি আয় করেছে ৭৪ মিলিয়ন পাউন্ড। অথচ এই হিট ছবির পরতে পরতে রয়েছে অসংখ্য ভুল। একে ২০০৭ সালের সবচেয়ে ভুলে ভরা ছবি হিসেবে চিহ্নিত করেছে একটি ওয়েবসাইট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ওয়েবসাইটটির নির্মাতা জন স্যান্ডি জানিয়েছেন, ইতিমধ্যে তারা প্রায় ১৯টা ভুল চিহ্নিত করেছে এই ছবি থেকে। এসব ভুলের মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. অনেক দৃশ্যেই দেখা যায় স্পাইডার ম্যান কন্টাক্ট ল্যান্স পরে আছে। অথচ এই সিরিজের আগের ছবিগুলোতে দেখানো হয়েছে যে পিটার পার্কারের স্পাইডার পাওয়ারের কারণে সে এমনেিতই চমৎকার দেখতে পায়।

২. স্পাইডার ম্যান যখন বেল টাওয়ারে যায়, তার কালো স্যুটটা খুলে রাখে, তখন দেখা যায় বৃষ্টি পড়ছে আর বাইরেটা অন্ধকার। অথচ একই সময়ে চার্চের সামনের দরোজার বাইরের অংশটা রোদ ঝলমলে দেখানো হয়।

৩. তার অ্যাপার্টমেন্টে আয়নায় যখন নিজের প্রতিবিম্বের দিতে তাকায় তখন পিটারের চুলের স্টাইল দু রকম দেখায়।

৪. স্পাইডার ম্যানের স্পাইডার সেন্সের কোন নমুনা খুঁজে পাওয়া যায় না ছবিতে। প্রত্যেকবার ধরা পরার আগে মুহুর্তের জন্য মাথা তুলতেও দেখা যায় নি তাকে।

৫. ভেনোম, স্যান্ডম্যান আর স্পাইডারম্যানের মারামারির এক পর্যায়ে স্পাইডারম্যনের মুখোশ কেটে তার চোখের নিচের অনেকখানি এলাকা উন্মুক্ত হয়ে পরে। তখন মুখে মুখোশের খুব সামান্য অংশই ছিল। একই দৃশ্যে খানিকবাদে দেখা যায় মুখ জুড়ে বেশ খানিকটা মুখোশ আবার ঠিক হয়ে গেছে।

৬. স্পাইডার ম্যান তার চাচীর সঙ্গে একবার আলাপ করার সময় তাকে চা পরিবেশন করে চাচী ফ্রিজ থেকে দুধ বের করতে যায়। কিন্তু দেখা যায় উনি দুধের বদলে বের করছেন কমলার রসের প্যাকেট। পরে টেবিলের সামনে এসে আবার দেখা গেলো চায়ে তিনি দুধই ঢালছেন। টেবিলে বা আশে পাশে কোথাও কমলার রসের নামগন্ধ নেই।

এসব ভুলের কথা উল্লেখ করে জন বলেন, “ আমি ধরেই নিই যে, সব ছবিতেই কিছু না কিছু ভুল থাকবে। অসংখ্য ভক্ত আছেন যারা এসব ভুল দেখে মজাও পান। কিন্তু বিপুল পরিমান বাজেটের এরকম একটা ছবিতে এই মাত্রার ভুল খুব কাজের কথা নয়।”

“এই পরিমান ভুল ভক্তদের পরিচালকের প্রতি বিরুপ করে তুলতে পারে।” আশংকা প্রকাশ করে বলেছেন জন।

জন এর ওয়েবসাইট ৫ হাজার ২০০ ছবি থেকে এ পর্যন্ত ৬৯ হাজার ভুল খুঁজে বের করেছেন।