২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব গান্ধীর হত্যাকান্ড নিয়ে চলচ্চিত্র হচ্ছে

১৯৯১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকান্ডের তদন্তের উপর ভিত্তি করে চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে বলিউডে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

চেন্নাইয়ের কাছে এক নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার সময় এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তনয়। ইন্দিরা গান্ধীও ১৯৮৪ সালে আততায়ীর হাতে মারা যান। নির্মিতব্য চলচ্চিত্রে রাজীব হত্যাকান্ড সম্পর্কে নতুন তথ্যের উন্মোচন ঘটবে বলে আশা করা হচ্ছে।

রাজীব হতাকান্ডের সঙ্গে ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারদের যোগসাজশ রয়েছে বলে ভারত দাবি করে। তামিল বিদ্রোহীদের দমনের জন্য শ্রীলঙ্কা সরকারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে রাজীব গান্ধীর শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিলেন। তারই প্রতিশোধ হিসেবে দেখা হয় এই হামলাকে। ওই শান্তিরক্ষী বাহিনী পরে শ্রীলঙ্কায় জাতিগত দাঙ্গায় জড়িয়ে পরে।

ছবি সম্পর্কে এর পরিচালক অনুভব সিনহা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “এটা হবে রাজীব গান্ধী হত্যার সেলুলয়েড তদন্ত। এখানে এমন সব বিষয়ে খোলাখুলি উপস্থাপনা করা হবে যা এর আগে হয় নি।”

রাজীব গান্ধীর জীবনের উপর খুব বেশি আলোকপাত করা হবে না এখানে। ছবির কাহিনী শুরুই হবে তার মৃত্যুর পর থেকে।

অভিষেক বচ্চন বা সঞ্জয় দত্তকে রাজীব গান্ধীর ভুমিকায় অভিনয় করাতে চান সিনহা।

ওই হত্যাকান্ডের দায়ে কিছু শ্রীলঙ্কানসহ ২৬ জনের মৃত্যুদন্ড ঘোষণা করে এক বিশেষ আদালত। তবে ভারতের সুপ্রিম কোর্ট ১৯৯৯ সালে এদের মাত্র ৪ জনের মৃত্যুদন্ড বহাল রাখে।

এদের মধ্যে এক তরুনীমাতা রাষ্ট্রপতির ক্ষমালাভের সুযোগ পান। অন্যরাও রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করলেও তা এখনো মঞ্জুর হয় নি।