ইন্টারনেটে সবচেয়ে কাংখিত তারকা শিল্পা শেঠী
‘সেলিব্রিটি বিগ ব্রাদার’, রিচার্ড গিয়ারের চুমু-সব মিলিয়ে বলিউড তারকা শিল্পা শেঠী এখন আলোচনার কেন্দ্রে। সবাই তার সম্পর্কে জানতে চায়।
ইন্টারনেটে এখন সবচেয়ে বেশি খোঁজা হয় তাকে। ইয়াহুর তথ্য উল্লেখ করে একটি ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে এ খবর।
ইয়াহু ডটকম ডাটা বেস এর হিসেব মতে, সারা পৃথিবী থেকে ইন্টানেটে এখন সবচেয়ে বেশি খোঁজা হয় শিল্পাকে। তার নিকটতম প্রতিদ্বন্ধীরা হলেন অ্যাঞ্জেলিনা জোলি, আর্নল্ড শোয়ার্জনেগার, বেয়ন্স নোলেস, ব্র্যাড পিট, ব্রিটনি স্পিয়ার্স, কারমেন ইলেকট্রা, ড্রিউ বেরিমুর, ইভা লঙ্গোরিয়া, হ্যালি বেরি, জেনিফার অ্যানিস্টন, জেনিফার লোপেজ, লিন্ডসে লোহান, পামেলা অ্যান্ডারসন, প্যারিস হিল্টন ও টোবি ম্যাগুইর।
শিল্পার মুখপাত্র বলেছেন, “‘বিগ ব্রাদার’ অনুষ্ঠানের পর থেকেই তার এই ইন্টারনেট পরিচিতি। যদিও ইন্টারনেটের ব্যাপারে শিল্পার তেমন কোন আগ্রহ নেই, তথাপি তার নামে জিমেইলে অ্যাকাউন্ট খোলার পর দেখা গেছে হাজার হাজার ইমেইল এসে ভরে গেছে।”
১৯৯৩ সালে শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ চলচ্চিত্রে মাধ্যমে শিল্পার বড় পর্দায় যাত্রা শুরু হয়। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘মেট্রো’ ও ‘আপনে’ ছবি দুটি।
