২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকের সূচনা সঙ্গীত লিখলেন আনিসুল হক

তৃতীয়বারের মতো নাটকের সূচনা সঙ্গীত লিখলেন আনিসুল হক। অন্যের নাটকে নয়, নিজের লেখা নাটকেই। ১৫ মে থেকে প্রতি মঙ্গলবার এটিএন-এ প্রচারিত হবে ‘মনের জানালা’ নামের এই নাটক। পরিচালনা করেছেন আবুল হায়াত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

নাটকের জন্য সূচনা সঙ্গীত কেন লিখছেন জিজ্ঞেস করলে বলেন, “ তেমন কোন উদ্দেশ্য নেই। শখ থেকেই লেখা।”

এর আগে আনিসুল হক তার লেখা ‘গোঁধুলী বেলায়’ নাটকের সূচনা সঙ্গীত লিখেছিলেন। নাটকটি পরিচালনা করেছিলেন আবুল হায়াত। এছাড়া একই চ্যানেলে প্রচারিত আবু সুফিয়ানের রচনা ও পরিচালনায় ‘নীড়ে তার নীল ঢেউ’ নাটকের শীর্ষ সঙ্গীতও লিখেছিলেন তিনি। দুটি নাটকই প্রচারিত হয় ২০০৬ সালে এটিএন বাংলায়।

আনিসুল হকের এই নাটক রচনার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন বৃন্দাবন দাশও। কীভাবে? আনিসুল হক বলেন, “নাটকটি ২৬ পর্ব পর্যন্ত আমারই লেখা ছিলো। পরে এটিএন কর্তৃপক্ষ এটি ৫২ পর্বে উন্নীত করার জন্য অনুরোধ করে। নানা কারণে আমি তাতে সম্মত হই নি। তখন প্রযোজকের প্রস্তাব অনুযায়ী বৃন্দবন দাশ ওই নাটকেই বিভিন্ন সিকোয়েন্স সংযোজন করে একে ৫২ পর্বে দাড় করায়।”

এদিকে চ্যানেল আইতে আনিসুল হকের রচনায় ৯ মে থেকে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে’। ‘৫১বর্তী’ ও ‘৬৯’ এর পর চ্যানেল আইতে এটাই তার লেখা তৃতীয় ধারাবাহিক । পরিচালনা করেছেন তাহের শিপন।

নাটকটি প্রতি বুধ ও শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচারিত হবে।