গিয়ারের মামলার শুনানী ২৬ মে
শিল্পা শেঠীকে প্রকাশ্যে চুমু খাওয়ার অপরাধে রিচার্ড গিয়ারের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে ২৬ মে।
গত এপ্রিলে দিল্লিতে এইডস সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে প্রকাশে শিল্পার গন্ডদেশে চুম্বন করার অপরাধে জয়পুরের এক আদালতে ওই মামলা দায়ের করেন পুনম চাঁদ ভান্ডারি। এর প্রেক্ষিতে ২৬ এপ্রিল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিএমজি) দিনেশ গুপ্ত গিয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও শিল্পা শেঠীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
দিনেশ গুপ্ত সম্প্রতি বদলি হয়ে গেলে এই মামলার শুনানী এসিএমজি রাজেন্দ্র তুতেজার আদালতে স্থানান্তর করা হয়। এখান থেকেই পরবর্তী শুনানীর দিন ঘোষণা করা হয়।
ভান্ডারি পরে বলেন, তিনি আদালতকে অনুরোধ করেছেন যেন শিল্পার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার জারি করা হয়। কারণ সমন জারি করা সত্বেও শিল্পা আদালতে হাজির হন নি। কিন্তু এই মামলার বিষয়ে তিনি গনমাধ্যমে তার বক্তব্য রেখে চলেছেন। তুতেজা অবশ্য বলেছেন লিঙ্ক কোর্টের পক্ষে এ ধরনের নির্দেশনা দেওয়া সম্ভব না।
এদিকে শেঠী গনমাধ্যমে বিষয়টি নিয়ে তার হতাশার কথা ব্যক্ত করেছেন। বর্তমানে তার আগামী ছবি ‘মেট্রো’র প্রচারণা কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন তিনি।
শিল্পা বলেন. “আমার গন্ডদেশে এক হলিউড তারকার তিনটি চুম্বন আন্তর্জাতিক অঙ্গনে যে এরকম আলোচনার ঝড় তুলেছে, তা দেখে আমি মর্মাহত।”
“এক লোক তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মামলা করেছে। পরে অন্যরা কুশ পুত্তলিকা দাহ করে এই ডামাডোলকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দুর। আর এর জন্য খেসারত দিতে হয়েছে আমাকে আর রিচার্ডকে। তবে ভারতের অধিকাংশ লোকই এসব বিষয় পাত্তা দেয় না। তারা খুবই অনুভুতিপ্রবণ আর আধুনিক।” বলেন তিনি।
