২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন দেব বর্মনের জন্মশতবর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকেট প্রকাশ করবে ভারত

ভারতের কেন্দ্রীয় সরকার বিখ্যাত গায়ক ও সুরকার এবং ত্রিপুরা রাজপরিবারের সদস্য শচীন দেব বর্মনের জন্ম শতবর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরার তথ্যমন্ত্রী অনিল সরকার ভারতীয় একটি পত্রিকাকে জানিয়েছেন এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

১৯০৬ সালের ১ অক্টোবর বাংলাদেশে জন্মগ্রহণ করেন কিংবদন্তীর এই গায়ক। তার ছেলে রাহুল দেব বর্মনও বলিউডের খ্যাতিমান সুরকার হিসেবে প্রতিষ্ঠা পান।

অনিল সরকার বলেন, “ তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমরা শচীন দেব বর্মনের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকটিকেটের প্রস্তাব রেখেছিলাম। তারা সে প্রস্তাবে সম্মত হয়েছেন।”

ত্রিপুরার রাজপরিবারে জন্ম নেওয়া শচীন দেব শাস্ত্রীয় সঙ্গীতে হাতে খড়ি নেন তার বাবা নবদ্বীপচন্দ্র বর্মনের কাছে।

পান্নালাল রায় নামে এক গবেষক বলেন, “১৯৩০ সালের বাবার মৃত্যুতে শচীন দেব ভেঙে পড়েন। ত্রিপুরা ছেড়ে তিনি চলে যান কোলকাতা এবং সেখানে নিজের পায়ে দাড়ানোর সংগ্রামে অবতীর্ণ হন।... বাকী জীবন কেন তিনি রাজপরিবারে দিকে আর ফিরেও তাকাননি সেটা আজও এক রহস্য। এমনকি পরে যখন মুম্বাইয়ে তিনি খ্যাতি পান তখন রাজপরিবারের পরিচয় নিয়ে কেউ তার কাছে গেলে বিশেষ সমাদর করতেন না।”

এই কিংবদন্তীর গায়ককে নিয়ে ভারতীয় লেখক পান্নালাল রায় এর লেখা ‘শচীন কর্তা’ বইটি প্রকাশিত হয়েছে সম্প্রতি। বইটি প্রকাশ করেছে হিন্দুস্তান কোম্পানি।

বইয়ে শচীন দেবের জীবনের অনেক অজানা বিষয় প্রকাশিত হয়েছে। যেমন বাংলা গানের সর্বকালের সুরকারদের অন্যতম শচীন দেব কীভাবে একবার তুলা ব্যবসায়ে নেমে চরমভাবে ব্যর্থ হন। কিংবা এইচএমভি কীভাবে তার প্রথম গানটি রেকর্ড করার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিল, ইত্যাদি।