ঐশ্বরিয়া এবার ঝাঁসি কি রানী
কেতন মেহতা পরিচালিত ‘ঝাঁসি কি রাণী’ তে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া বচ্চন। ছবিতে অভিনয়ের আগে তাকে কিছু প্রশিক্ষন নিতে হবে।
পরিচালক কেতন মেহতা ভারতীয় এক পত্রিকাকে জানিয়েছেন এ খবর।
কেতন মেহতা বলেন, এই ছবিতে রাণী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়াকে অনেক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে হবে। এ জন্য তাকে বিশেষভাবে প্রশিক্ষন দেওয়া হবে।
রাণী লক্ষ্মীবাঈ ভারতে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক। উত্তর ভারতের ঝাঁসি রাজ্যের এই রাণী ১৮৫৭ সালে তৎকালীন বৃটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ১৮৫৮ সালে মাত্র ২৩ বছর বয়সে লড়াইয়ের ময়দানে তিনি নিহত হন।
মেহতা জানিয়েছেন, তার এই ছবিতে বেশ কিছু ব্রিটিশ অভিনেতাও অভিনয় করবেন। অ্যাকশন দৃশ্যগুলো চিত্রায়িত করার জন্য মেহতা বৃটিশ টেকনিশিয়ান ও প্রশিক্ষকদের নিয়োগ দেয়ার কথাও ভাবছেন।
কেতন মেহতা এ পর্যন্ত ২০টিরও বেশি ছবি বানিয়েছেন। ২ বছর আগে নির্মিত তার সর্বশেষ ছবির নাম ‘দি রাইজিং’।
