মেহবুব স্টুডিও কিনতে যাচ্ছেন শাহরুখ!
বলিউডে জোর গুজব, ঐতিহ্যবাহী মেহবুব স্টুডিও কিনতে যাচ্ছেন শাহরুখ।
সম্প্রতি মুম্বাইয়ে একটি বিশ্বমানের স্টুডিও নির্মানে তার ইচ্ছার কথা বলিউড কিং ব্যক্ত করেছিলেন। তার সূত্র ধরে এই গুজব ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
মেহবুব স্টুডিও বিক্রির গুজবটা অবশ্য নতুন কিছু নয়। প্রতি মাসেই একবার এ ধরনের আলোচনা ওঠে। এবার এর সাথে যুক্ত হলো শাহরুখের নাম।
এ সম্পর্কে জানতে চাইলে শাহরুখ সাম্প্রতিক গুজবকে অস্বীকার করে বলেন, “স্টুডিও আমি কিনতে চাই বটে। কিন্তু দাম এতো বেশি, কীভাবে কিনবো। বছর তিনেক আগে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সটা পছন্দ করেছিলাম। কিন্তু দাম হেঁকেছিলো ৮০ কোটি রুপি। অতো রুপি তখন আমার ছিল না। কৌন বনেগা করার সুবাদে হাতে কিছু রুপি এলো। ভাবলাম এবার কিনে ফেলি। গিয়ে দেখি এখন ওর দাম দ্বিগুনেরও বেশি, ২০০ কোটি রুপি।”
মুম্বাইয়ের বাইরে গেলে হয়তো দাম কিছুটা কম পাবেন। কিন্তু মুম্বাইয়ের বাইরে যেতে চান না শাহরুখ। এখানেই বিশ্বমানের একটা স্টুডিও বানাতে চান তিনি।
খান বলেন, “ বোম্বে ফিল্ম ইন্ড্রাস্ট্রির জন্য আমি অনেক কিছু করেছি। ইন্ড্রাস্ট্রিও আমাকে অনেক কিছু দিয়েছে। আশা করি এখানে আমি একটা স্টুডিও করারও সুযোগ পাবো। চমৎকারভাবে বানাবো আমি সেটা। ওটা হবে বিশ্বের সেরা স্টুডিও।”
