মুম্বাইয়ে স্পাইডার ম্যান থ্রি’র প্রিমিয়ার শো বন্ধ
মুম্বাইয়ে স্পাইডার ম্যান থ্রি এর দীর্ঘ প্রতিক্ষীত প্রিমিয়ার শো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর কারণ হিসেবে বলা হয়েছে , ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শক ছবিটি দেখার জন্য প্রবলভাবে অনুরোধ জানিয়েছেন যাদের অনেকের অনুরোধ রক্ষা করা বা উপেক্ষা করা দুটোই ঝামেলা বয়ে আনবে। মুম্বাই ভিত্তিক একটি পত্রিকা জানিয়েছে এ খবর।
১৬ এপ্রিল টোকিও থেকে যাত্রা শুরু হয় স্পাইডার ম্যান থি’র প্রিমিয়ার। ৮টি শহর ঘুরে নিউ ইয়র্কে এসে কলাম্বিয়া পিকচার্সের এই ছবিটির প্রিমিয়ার শেষ হচ্ছে। বিশ্বব্যাপী ছবিটি একযোগে মুক্তি পাবে ৪ মে। তারই অংশ হিসেবে মুম্বাইয়ে ওই প্রিমিয়ার হওয়ার কথা ছিল।
একটি বিশ্বস্ত সূত্র মুম্বাইয়ের পত্রিকাটিকে জানায়, “ যে পরিমান দর্শক ছবিটি দেখতে চেয়েছেন ৫ পর্দার এই মাল্টিপ্লেক্সে তাদের স্থান সাংকুলান সম্ভব নয়। সব দিক বিবেচনা করে আমরা ঠিক করেছি এর চেয়ে প্রিমিয়ার শো বাতিল করাই ভাল হবে।”
এই ঘটনায় অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তবে মুম্বাইয়ের এই শো বাতিল হলেও স্পাইডার ম্যান থ্রি’র ভোজপুরী সংস্করণটির প্রিমিয়াল হবে ৩ মে রাতেই মুম্বাইয়ের উপশহরের একটি মাল্টিপ্লেক্সে।
টবি ম্যাগুইর ও ক্রিস্টেন ডান্সট অভিনীত স্পাইডার ম্যান এর এবারের পর্বে খলনায়ক হিসেবে থাকছেন ২ জন : স্যান্ডম্যান এর ভুমিকায় টমাস হেডেন চার্চ ও ভেনমের ভুমিকায় টফার গ্রেস।
