কৌন বনেগা ক্রোড়পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
হিন্দি সিরিয়ালগুলোর মতো ভারতের শো বিজ জগতটাও বেশ অপরাধ আর আইন আদালত নিয়ে জমজমাট হয়ে উঠেছে। এর মধ্যে শিল্পা শেঠীর সমস্যাটা একটু রোমান্টিক বলা যেতে পার। কিন্তু অমিতাভের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কোনভাবেই সুখকর নয়। এই দুটো মামলা না মিটতেই শাহরুখের কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) নিয়ে অভিযোগ উঠেছে আদালতে।
আদালতে স্টার টিভির জনপ্রিয় এই গেম শোকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন অনুজ কুমার ভাটি নামে এক ভদ্রলোক। অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মনোপোলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্রাকটিসেস কমিশনকে (এমআরটিপিসি)। শনিবার একটি ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে এ খবর।
বিচারপতি বিক্রমজিৎ সেন ও জে পি সিং গঠিত একটি ডিভিশন বেঞ্চ জানায়, “ উভয় পক্ষের যুক্তি তর্ক পর্যালোচনা করে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং সাধারন মানুষের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমাদের মনে হচ্ছে এই বিষয়টি তদন্তের জন্য এমআরটিপিসির কাছে পাঠানোই যথাযথ হবে। তারা বিশেষ করে এই অনুষ্ঠানের আর্থিক অবস্থা, জয়ের সম্ভাবনা, প্রলুদ্ধ করার উপাদান, ভুল উপস্থাপনা, প্রতারণা ও অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখবেন।”
বাদী অনুজ কুমার ভাটি ও বিবাদী কেবিসির প্রযোজক, স্টার টিভি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে মে মাসের ৮ তারিখে এক শুনানির জন্য এমআরটিপিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অভিযোগপত্রে ভাটি বলেন, স্টার টিভি ও কেবিসির প্রযোজক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বোকা বানিয়েছেন। তারা এই শোতে তাদের নিজেদের লোক ঢুকিয়ে তাদের অর্থ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
অভিযোগে বলা হয়, এই শোতে ‘টু ক্রোড় রুপি ইজ জাস্ট এ টেলিফোন কল অ্যাওয়ে” (একটামাত্র টেলিফোন কল, ব্যাস পেয়ে যাবেন ২ কোটি রুপি) বলে যে বিজ্ঞাপন প্রচার করা হতো তার ফলে প্রলুদ্ধ হয়ে অসংখ্যা পরিবারের সব সদস্য কাজ কর্ম ফেলে ‘হট সিটে’ বসার আশায় টেলিফোন নিয়ে পরে থাকতো।
বিভিন্ন উদাহরন দিয়ে ভাটির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ গনেশ্বর বলেন, ২০০৬ সালের ২৬ জুন ‘ইন্ডিয়া টিভি নিউজ’ চ্যানেল এবং তার পরে পাইওনিয়ার ও হিন্দুস্তান সংবাদপত্র এই চিত্র গনমাধ্যমে তুলে ধরে।
ভাটি অভিযোগ করেন, স্টার টিভি ও কেবিসি শো এর প্রযোজকরা আইন ভঙ্গ করে তাদের প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবী এবং তাদের দোসরদের এই শোতে অংশ নেয়ার সুযোগ করে দিয়েছে।
বিজ্ঞ বিচারক বলেন, “স্টার টিভি ও তার প্রযোজকরা ইন্ডিয়া টিভি ও সংবাদপত্রগুলির অভিযোগের জবাব এড়িয়ে গেছেন।”
