২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুলসী ভিরানী চরিত্রে অভিনয় করবেন না স্মৃতি ইরানী

ভারতীয় চ্যানেল স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’র তুলসী ভিরানী চরিত্রে রুপদানকারী স্মৃতি ইরানী বিদায় নিতে যাচ্ছেন এই সিরিয়াল থেকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 01:20 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

স্টার প্লাসের জনপ্রিয় এই টেলি সিরিয়ালে তাকে আর দেখা যাবে না। তবে স্মৃতি ইরানী চলে গেলেও চরিত্রটি থাকবে এবং সে জায়গায় অভিনয় করবেন গৌতমী কাপুর। বালাজী ফিল্মসের কেউ বিষয়টি স্বীকার না করলেও নির্ভরযোগ্য সুত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ভারতের একটি পত্রিকা।

শোনা যাচ্ছে, তুলসী ভিরানী শিগগিরই এক দুর্ঘটনায় পরবেন যাতে তার চেহারা একেবারে নষ্ট হয়ে যাবে। দরকার হবে প্লাস্টিক সার্জারির। এর পরেই নতুন মুখ নিয়ে হাজির হবে তুলসী ভিরানী আর তখন সে চরিত্রটিতে অভিনয় করবেন গৌতমী । ২ বছর অভিনয় থেকে বিরত থাকার পর এই সিরিয়ালের মাধ্যমে আবার মিনিপর্দায় আসছেন তিনি।

তুলসী ভিরানীর চরিত্রটি আকর্ষনীয়, এরকম চরিত্রে কাজ করা একটা বিরাট সুযোগ-এ কথা বলে গৌতমী জানান, ওই চরিত্রটি করার কথা তাকে কেউ বলেনি। তবে একতা কাপুর গৌতমীকে জিজ্ঞেস করেছিলেন, কিউ কি শাস ভি কভি বহু থি সিরিয়ালে একটা ভালো রোল আছে, সেখানে তিনি অভিনয়ে রাজী কি না।

গৌতমী বলেন, “এখন অনেকে বলাবলি করছে আমি নাকি তুলসীর রোলটা করবো। আমি অবশ্য এসব কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। একতার সাথে আমি দেখা করেছি। সে শুধূ বলেছে আমার জন্য একটা চরিত্রের কথা সে ভাবছে। কিন্তু বিষয়টি এখনো সে চুড়ান্ত করে উঠতে পারে নি। চরিত্রটির নাম না বলে সে শুধু বলেছে এটা খুবই শক্তিশালী একটি চরিত্র। আর একতা জানতে চেয়েছে, নানী দাদীর ভুমিকায় অভিনয় করতে রাজী আছি কিনা।”

চরিত্রের প্রয়োজনে চুলে ধুসর রং চড়াতে কোন আপত্তি নেই বলে জানান গৌতমী। মিনিপর্দার এই তারকা মন্তব্য করেন, টেলিভিশনে আজকাল পাকা চুলের অভিনেতাদেরই কদর বেশি দেখতে পাচ্ছি। যেমন ধরুন রনিত রায়ের কথা। স্মৃতিও তাই। বয়সে স্মৃতি আমার চেয়ে ছোট। কিংবা আমার স্বামী রাম কাপুরের কথাই ধরুন (‘কসম সে’ এর জয় ওয়ালিয়া)। এইসব পক্ককেশ তারকারাই বাজার জমিয়ে রেখেছে।

গৌতমীর মতে, ভারতীয় টেলিভিশনের এ যাবৎকালের সবচেয়ে আলোচিত চরিত্র তুলসী ভিরানী। “আমি নিজেই তুলসী ছাড়া কিঁউকি দেখতে চাই না। তুলসীকে ছাড়া কিঁউকি সিরিয়াল চলবে বলে আমার মনে হয় না।” বলেছেন তিনি।

“তুলসীর চরিত্রই যদি আমাকে করতে হয় তো সেটা হবে দারুন একটা চাপ। তবে চ্যালেঞ্জ ছাড়া তো জগতে কোন ভাল কাজই হয় না। ওই চরিত্র করলে যে খুব ভালো দর্শক প্রতিক্রিয়া পাবো সে আশা করি না। আমি বরং সমালোচনার জন্য প্রস্তুত।” সতর্কতার সঙ্গে মন্তব্য করেন গৌতমী।

একই চরিত্রে রুপদান করলেও সম্মানীটাও কি একই রকম হবে? এরকম প্রশ্নের জবাবে গৌতমী বলেন, “আমি স্মৃতির অর্ধেক সম্মানীও আশা করি না। এই চরিত্রটাকে দাড় করিয়েছে সে। তার সমান সম্মানী যদি আমি আশা করি তো সেটা অবিবেচকের মতো কাজ হবে।”

১০ মাসের একটা বাচ্চা আছে গৌতমীর। ফলে তুলসীর চরিত্রটি করার জন্য সেটে যে সময় দেয়া দরকার সেটা কতটা দিতে পারবেন তিনি তা নিয়ে সংশয় আছে। গৌতমী অবশ্য জানিয়েছেন তার মা ও শাশুড়ি এ ব্যপারে তাকে খুবই সহায়তা করেন। ওরাই বাচ্চার দেখাশোনা করবেন। ফলে অসুবিধা হবে না।

স্মৃতি ইরানীর সঙ্গে ব্যাক্তিগত পরিচয় আছে গৌতমীর। বালাজী’র কবিতা সিরিয়ালে গৌতমীর স্বামী রাম স্মৃতির সঙ্গে কাজ করেছিলেন। তখন থেকেই পরিচয়। তখন কিঁউকি মাত্র শুরু হয়েছে। স্মৃতিও আজকের মতো এতো বড় তারকা হয়ে ওঠেননি।

গৌতমী মনে করেন না তিনি তুলসীর চরিত্রটি করলে তার সাথে স্মৃতির সম্পর্কে কোন টানাপড়েন তৈরি হবে। “আমি তো আর তার চরিত্রটি ছিনিয়ে নিই নি। আমার কাছে একটা প্রস্তাব এসেছে। সুতরাং এটা নিয়ে তো বিতন্ডার কিছু নেই।”

২০০১ সালে মিহির ভিরানী চরিত্রটির মৃত্যু হলে কিঁউকি শাস ভি কভি বহু থি’র দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়। এরই প্রেক্ষিতে পরে চিত্রনাট্যকার ওই চরিত্রটি আবার বাঁচিয়ে তোলেন। তুলসীর ক্ষেত্রে সেরকম কিছু হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না।

সূত্র : ওয়েবসাইট।