চুমু দেওয়ার জন্য গিয়ারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ভারতের আদালত
চুমুর বিষয়টি এমনতিই পশ্চিমে ডালভাত, রিচার্ড গিয়ারও নিজে প্রকাশ্যে অপ্রকাশ্যে পর্দায় বা পর্দার অন্তরালে অজস্র চুমু দিয়েছেন। এই ক্রিয়াটিকে ভালবাসা ও আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই দেখে এসেছেন তিনি।
কিন্তু নানারকম বৈপরীত্যে ভরপুর ভারত উপমহাদেশে প্রকাশ্যে প্রাপ্তবয়স্কা ও অবিবাহিতা রমনীকে চুম্বন করা যে কতোটা বিস্ফোরক তা তিনি বুঝতে পারেন নি। হয়তো ভেবেছিলেন যে দেশের পরিচালকরা কামসূত্রের মতো ছবি বানাতে পারে সেখানে ওরকম নির্দোষ চুমুতে আর কী হবে। কিন্তু না, শিল্প আর বাস্তবতা এক নয়। নিউ ইয়র্ক আর দিল্লী দুনিয়ার দুই প্রান্ত। এবং সেই যে কথায় বলে ‘যস্মিন দেশে যদাচার’। যে দেশে যে রীতি তা না মেনে চললে কীরকম বিপাকে পরতে হয় তা এবার রিচার্ড গিয়ার বেশ ভালোভাবেই টের পাচ্ছেন। অশালীনভাবে বলিউড তারকা শিল্পা শেঠীকে চুমু দেয়ার জন্য বৃহষ্পতিবার হলিউড অভিনেতা রিচার্ড গিয়ারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ভারতের এক আদালত। এইডস বিরোধী এক প্রচারণা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এ মাসের মাঝামাঝি এই কান্ড ঘটান তিনি।
আদালত অশালীন কর্ম করার অপরাধে গিয়ারকে দোষী সাব্যস্ত করেছে। ওই অনুষ্ঠানের এক পর্যায়ে শিল্পার গন্ডদেশে উপুর্যপরি চুম্বন করেন গিয়ার। এ ঘটনার প্রতিবাদে নিউ দিল্লিসহ ভারতের বেশ কিছু রাজ্যে হিন্দু সংগঠনগুলো ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ভারতীয় সংস্কৃতির উপর আঘাত হিসেবে একে বর্ণনা করে তারা।
জয়পুরের এক স্থানীয় আইনজীবী নিজ উদ্যোগে এ বিষয়ে আদালতে অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রেক্ষিতে বৃহষ্পতিবার আদালত এই রায় দেয়।
আইনজীবী টুনম চাঁদ ভান্ডারি জানান, “ শিল্পাকে চুমু খাওয়ার ভিডিও ফুটেজটি দেখে জনসমক্ষে অশ্লীলতা সংক্রান্ত ভারতীয় আইন ভঙ্গের অপরাধে গিয়ারকে দোষী সাব্যস্ত করে আদালত।”
৫ মে শিল্পাকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বিচারক। ভান্ডারি আরও জানান, “ওই আদালত গিয়ারকে গ্রেফতারেরও নিদের্শ দিয়েছে।”
গ্রেফতারের পরে গিয়ারের ৩ মাসের জেল বা জরিমানা অথবা উভয় দন্ডই হতে পারে। গিয়ার এখন ভারতে নেই। তবে সেখানে আবার এলে তাকে গ্রেফতার করা হতে পারে।
হলিউড তারকা রিচার্ড গিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি প্রায়ই ভারতে বৌদ্ধদের ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করতে আসেন। দালাই লামা বর্তমানে উত্তর ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
এইচআইভি আক্রান্ত ও এতিমদের দেখাশোনা করে এরকম একাধিক দাতব্য সংস্থার সঙ্গে গিয়ার জড়িত।
চুমুর ওই ঘটনা পত্রিকা ও চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরে দেশ জুড়ে বিক্ষুদ্ধ জনতা গিয়ার ও শিল্পার কুশপুত্তলিকা দাহ করে।
এ বছর বৃটেনের রিয়ালিটি টিভি শো ‘সেলিব্রিটি বিগ্র ব্রাদার’ বিজয়ী শিল্পা গনবিক্ষোভের প্রতিক্রিয়ায় বলেন, ঘটনাটা ‘সামান্য বাড়াবাড়ি’ হলেও ওটা অশালীন কিছু ছিল না। এই বিক্ষোভের ঘটনা ভারতের ভাবমূর্তিকে ক্ষুন করছে বলে তিনি মন্তব্য করেন।
শিল্পা বলেন, গিয়ার শুধুমাত্র উপস্থিত জনতাকে আনন্দ দানের জন্যই তার ছবি ‘শ্যাল উই ডান্স’ এর একটি অংশ অভিনয় করে দেখাচ্ছিলেন।
