সন্তানের জন্য নতুন নাম খূঁজছেন জোলি
সদ্য দত্তক নেয়া সন্তান প্যাক্স এর নামের সঙ্গে ছেলেবন্ধু ব্রাড পিটের নাম যুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এ জন্য আদালতে দরকারি কাগজপত্রও দাখিল করেছেন তিনি।
মার্চে ভিয়েতনাম থেকে প্যাক্স থিয়েনকে দত্তক নেন জোলি। ৩ বছরের এই ভিয়েতনামী বালকের নামের সঙ্গে পিটের নামের শেষাংশ জুড়ে দেওয়ার জন্য লস এঞ্জেলসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেছেন জোলি। আবেদন মঞ্জুর হলে থিয়েনের নতুন নাম হবে প্যাক্স থিয়েন জোলি-পিট। নাম পরিবর্তনের এই আইনি উদ্যোগের খবর প্রথম জানায় সেলিব্রিটি ওয়েবসাইট টিএমজেড ডটকম।
জোলি ও পিটের এক কন্যা রয়েছে যার নাম শিলোহ। জোলির দত্তক নেয়ার সুবাদে পিট এখন ৫ বছরের ম্যাডক্স ও ২ বছরের জাহারারও বাবা। ম্যাডক্সকে কম্বোডিয়া ও জাহারাকে ইথিওপিয়া থেকে দত্তক নেয়া হয়।
শিলোহ, ম্যাডক্স ও জাহারার নামের সঙ্গে ইতিমধ্যেই জোলি ও পিট উভয়েরই নাম যুক্ত করা হয়েছে।
একত্রে সংসার করলেও জোলি ও পিট জুটি এখনো বিয়ে করেন নি, বিয়ে করার কোন পরিকল্পনাও তাদের নেই।
জোলির মুখপাত্র বিষয়টি ব্যাখা করতে গিয়ে জানান, জোলি ভিয়েতনাম থেকে সিঙ্গল মাদার হিসেবে প্যাক্সকে দত্তক নেন। কারণ ভিয়েতনামে অবিবাহিত জুটির কাছে সন্তান দত্তক দেয়ার বিধান নেই।
