২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একতা স্টারপ্লাস ছাড়ছেন না

স্টারপ্লাস ছেড়ে এনডিটিভিতে চলে গেছেন সামীর নায়ার। সেখানে করন জোহরের সাথে মিলে তিনি চালু করছেন নতুন বিনোদন চ্যানেল এনডিটিভি ইমাজিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

যেমনটা হয়ে থাকে, সামীরের পিছু পিছু স্টারপ্লাস থেকে অনেকেই চলে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্টারপ্লাসের এই সাবেক নির্বাহীর নেতৃত্বেই ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’সহ কে সিরিজের সিরিয়ালগুলো এবং ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মতো অনুষ্ঠান দিয়ে স্টার প্লাস ভারতের অন্যান্য চ্যানলেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এখন কে সিরিজের সিরিয়ালগুলোর নির্মাতা বালাজী টেলিফিল্মসের কর্ণধার একতা কাপুর কী করবেন?

“না, আমি কোথাও যাচ্ছি না। স্টার এর সাথে আমার সম্পর্ক খুবই পোক্ত।” এরকমটাই বলেছেন একতা। তবে তার সঙ্গে একথাও জুড়ে দিয়েছেন, “তবে যাই হোক, ওদের সাথে আমার সম্পর্ক কন্টেন্ট প্রোভাইডারের। কিছু পূর্ব শর্ত সাপেক্ষে আমি কাজ করে থাকি। সৃজনশীলতার ক্ষেত্রে নিরঙ্কুশ স্বাধীনতা চাই। সেটা পেলে স্টারের সাথে কাজ চালিয়ে যেতে আমার আপত্তি নেই। এনডিটিভির মতো অন্যান্য চ্যানেলের সঙ্গেও আমার কাজ করতে আপত্তি নেই।” তবে স্টারের বিষয়গুলো অন্যত্র নিয়ে যাবেন না তিনি, এটা নিশ্চিত করেছেন। সেরকম অবস্থায় তিনি আরো বেশি কাজ করে অন্য জিনিস নামাবেন বলে জানিয়েছেন।

এতো ব্যস্ততায় তার ব্যক্তিজীবন বিপর্যন্ত হবে কিনা এরকম প্রশ্নের জবাবে একতা হাসেন, “ এটা কোন ব্যাপারই না। কাজের ফাঁকেই আমি এখনো বান্ধবীদের সাথে আড্ডা দিই। পুরোনো স্কুল বান্ধবীদের সাথেও এক জমায়েতে হাজির হয়েছিলাম সম্প্রতি। ওদের অনেকে মা হয়ে গেছে। কারো কারো সম্প্রতি বিয়েও হলো। আমার স্কুল জীবনের ঘনিষ্টতম বান্ধবী শ্বেতার বিয়ে হলো এ বছর জানুয়ারিতে।”

আর একতার নিজের বিয়ে? মিস্টি হেসে রহস্য করে বলেন, “কাহি তো হোগা?” তার মানে কি সময় ঘনিয়ে এসেছে? “আমার জ্যোতিষীরা একবাক্যে একযোগে বলেছেন, আগামী তিন বছরে আমার জীবনে কোন পুরুষ আসার কোন সম্ভাবনা নেই। সুতরাং....।”

সুতরাং আপাতত তিনি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। সঞ্জয় গুপ্তের হোয়াইট ফেদার ফিল্মস এর সঙ্গে সহ-প্রযোজনার পাশাপাশি বালাজী ফিল্মস থেকে আলাদাভাবে দুটো ছবির কাজও শুরু করছেন একতা কাপুর। এর প্রথমটা হবে কেয়া কুল হ্যায় হাম এর সিক্যুয়েল এবং দ্বিতীয়টা হবে দম ফাটানো হাসির ছবি। কেয়া কুল হ্যায় হাম এর সিক্যুয়েলে অভিনয় করবেন তার ভাই তুষার কাপুর ও রিতেশ দেশমুখ, অনুপম খের, রাজপাল যাদব।