২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বচ্চন পরিবারের ব্রান্ড মূল্য ৭০০ কোটি রুপি ছাড়িয়ে গেল

এতোদিন বাপবেটার ব্রান্ড ভ্যালু ছিল ৭০০ কোটি রুপি। অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের সূত্রে তা আরো বেড়ে গেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যবসা বিশেষজ্ঞদের মতে, বচ্চনদের বর্তমান ব্রান্ড মূল্য ৭০০ কোটি রুপি। এই মূল্য নির্ধারণে অমিতাভ ও অভিষেক যেসব পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর সেগুলিকে বিবেচনা করা হয়েছে। বচ্চন পরিবারে ঐশ্বরিয়া যুক্ত হওয়ায় এই মূল্য এখন অনেকখানি বেড়ে যাবে।

বলিউডের যেসব চলচ্চিত্র তারকা বিভিন্ন পণ্য বাজারে প্রচার করেন তাদের মধ্যে অমিতাভ বচ্চন, আমীর খান ও শাহরুখ খানই সবচেয়ে বেশি মূল্য পেয়ে থাকেন। একেকটি ব্রান্ডের পণ্যের জন্য এরা ৪ থেকে ৫ কোটি রুপি নেন। এছাড়াও রয়েছে বিজ্ঞাপনের সম্মানী।

টাইম ম্যাগাজিন এর এশিয়া সংস্করণের বিচারে বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তিত্বের মধ্যে ঐশ্বরিয়া অন্যতম। এই হলিউড তারকা বচ্চন পরিবারের নববধূ আন্তর্জাতিক প্রসাধনী নির্মাতা লরেল ছাড়াও লাক্স সাবান ও নক্ষত্র হীরকের ব্রান্ড অ্যাম্বাসেডর।

অমিতাভ যেসব পণ্য প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন সেগুলির মধ্যে রয়েছে রেইড অ্যান্ড টেলর, আইসিআইসিআই ব্যাংক, নেরোল্যাক, ডাবুর ইন্ডিয়া, পেপসি, পার্কার পেন ও ক্যাডবেরি চকোলেট। এদিকে অভিষেক ফোর্ড ফিয়েস্তা, ওমেগা, রেডিও বিগ ৯২.৭ এফএম, মটোরোলা, এলজি গৃহসামগ্রী ও অ্যামেরিকান এক্সপ্রেসসহ বেশ কিছু পণ্যের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন প্রতি অমিতাভ পান ৫ কোটি রুপি, ঐশ্বরিয়া পান ৩ কোটি। অভিষেক এর সম্মানী অ্যাশের সমান না হলেও খুব কমও নয়। মনিরত্নমের ‘গুরু’ আর ‘বান্টি আউর বাবলি’ ছবি করার পর থেকে তারও ব্রান্ড মূল্য বেড়ে গেছে।

এই পরিবারের ব্রান্ড ইমেজের গুরুত্ব বুঝে লরেল অ্যাশের বিয়ে উপলক্ষে একটা লিপস্টিকও ছেড়েছে বাজারে। লরেলের এক মুখপাত্র বলেছেন, “এই প্রথমবার আমরা এ ধরনের কিছু করলাম। এর আগে এরকম কিছু আমরা করিনি।” বিয়ের দিন এই লিপস্টিকের অল্প কিছু কপি বাজারে ছাড়লেও পরে ভারতের বিভিন্ন শহরে এটি বাজারজাত করা হবে।

বিয়ের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখায় বচ্চনদের সম্পর্কে মিডিয়া ও ভক্তদের কৌতুহল আগের তুলনায় আরো বেড়েছে যা তাদের ব্রান্ড মূল্যকেও বাড়িয়ে দিয়েছে।

ভারতের অন্য ক্রিকেট তারকা বা চলচ্চিত্র তারকা যাদের নিজের সফল ব্রান্ড ইমেজ রয়েছে তাদের মধ্যে কাজল ও অজয় দেবগন, এমএস ধোনি, শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও অক্ষয় কুমার অন্যতম। বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার, যিনি ঐশ্বরিয়াকে প্রথম পেপসির বিজ্ঞাপনে নিয়ে এসেছিলেন, অ্যাশ অভিষেকের বিয়েকে তিনি খুবই ফলপ্রসু মনে করেন।

কাক্কার বলেন, ভারতে বচ্চনদের নিয়ে ভক্তদের মধ্যে অন্যরকম পাগলামি আছে। তারা যে পণ্যেরই প্রচার করবে সেটাই ভক্তরা কিনবে।

“এই বিয়ের যে কেবল বিনোদন মূল্য আছে তা নয়, এর একটা ব্যবসায়িক দিকও আছে যার মূল্য কয়েক কোটি রুপি।” মন্তব্য করেছেন কাক্কার।

বিয়ের পর ভেনিসে মধুচন্দ্রিমা যাপন করতে যাচ্ছেন বচ্চন পরিবারের নতুন জুটি। সেখান থেকে ফিরে আসার পরে জুন মাসে তাদের এক বিশাল সম্বর্ধনা দেওয়া হবে।