চুমু নিয়ে তান্ডবের জন্য মৌলবাদীরা দায়ী: তাসলিমা নাসরিন
শিল্পা শেঠীকে রিচার্ড গিয়ারের চুমু খাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের ‘মৌলবাদী’ আখ্যা দিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তাসলিমা মনে করেন, যেহেতু ওই ঘটনাকে স্বাভাবিক হিসেবে বলিউড অভিনেত্রী মেনে নিয়েছেন সুতরাং এ ব্যাপারে অন্য কারো কিছু বলার থাকতে পারে না। তার ‘পছন্দের স্বাধীনতা’ কে চ্যালেঞ্জ করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেন তাসলিমা।
সংবাদ মাধ্যমের কাছে তিনি প্রশ্ন তোলেন, “এই বিক্ষোভ প্রদর্শনকারীরা কারা? এরা কি সংস্কৃতির পাহারাদার?” তাসলিমা বলেন, “এটা (ভারত) গনতান্ত্রিক রাষ্ট্র ... এখানে সবারই পছন্দ করার অধিকার আছে এবং আছে নিজেদের প্রকাশ করার অধিকার।”
“শিল্পা ও গিয়ারের আচরণ পুরোপুরি ঠিক আছে। গিয়ারের চুমুর প্রেক্ষিতে শিল্পা যদি রেগে যেতেন তাহলে বিষয়টা অন্যরকম হতে পারতো। কিন্তু শিল্পা বিষয়টা উপভোগ করেছে। তাহলে সমস্যাটা কোথায়?” এ কথা বলার পর বিক্ষোভকারীদের ‘ মৌলবাদী’ আখ্যা দিয়ে তাসলিমা বলেন, “শিল্পার স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার অধিকার কারো নাই।”
সম্প্রতি নিউ দিল্লিতে এইডস সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে শিল্পা বাহুবন্ধনে আবদ্ধ করে তার গন্ডদেশে চুমু খেলে বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় ওঠে ভারত জুড়ে। ভারতবাসীর সেন্টিমেন্টকে আহত করার জন্য গিয়ার ও শিল্পাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান প্রতিবাদকারীরা।
