২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশ অভিষেকের পর কে?

অ্যাশ অভিষেকের বিয়ে তো হলো। এরপর কে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

কারিনা কাপুর থেকে শুরু করে লারা দত্ত অনেকের নামই আসছে বিবেচনায়। কিন্তু বলিউডের সম্পর্কে যেভাবে গড়ে আর ভাঙে তাতে খুব ভরসা নিয়ে বলা যাচ্ছে না কারো কথাই।

অনেকগুলো আশনাইয়ের সম্পর্ক গড়ে তুললেও সালমান খান এখনো অবিবাহিত। সুস্মিতা সেনও একই পথের পথিক।

তবে সালমান কাটরিনা কাইফকে বিয়ে করতে পারেন এমন আশা দেখা দিয়েছে ভক্তদের মনে। ২০০৩ সালে কাটরিনার প্রথম ছবি ‘বুম’ থেকে তাদের মধ্যে পরিচয় ও তারপর প্রণয়। সালমান নিজেও বিয়ের সম্ভাবনার কথা বলেছেন। তবে সেটা আমলে নেওয়া মুশকিল। সালমানের কমিটমেন্ট ফোবিয়া আছে। এর আগেও এরকম কথা সে কম বলেনি।

এ বিষয়ে কাটরিনাও সচেতন। তাই আগেভাগেই বলে রেখেছেন, “ এখন বা নিকট ভবিষ্যতে আমি বিয়ের পিঁড়িতে বসছি না। এখন আমি ক্যারিয়ার নিয়েই ব্যস্ত।” একটা হিট ছবির জন্য অপেক্ষ করতে করতে বেচারা ক্লান্ত হয়ে পরেছেন।

সুম্মিতা সেন আর মানব মেননের প্রণয় খুব বেশি দিনের নয়। এক হীরের বিজ্ঞাপন করতে গিয়ে ২০০৬ সালে তাদের পরিচয়।

বেশি দিনের প্রেম না হলেও এই বিয়েটা তাড়াতাড়িই হয়ে যেতে পারে বলে অনেকে মনে করেন। সম্পর্ক তৈরির বিষয়টি বেশ সিরিয়াসলি দেখেন সুশ। মানবও সম্প্রতি প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন। ফলে একা। সুতরাং...।

জন আব্রাহাম আর বিপাশা বসুর জুটিটাও অনেকদিন ধরে ঝুলে আছে। পুজা ভাটের ‘জিসম’ ছবিতে এসে সেই যে দুজন জোড়া বাঁধলেন, আর ছাড়াছাড়ি নেই। এর আগে অবশ্য মডেল হিসেবে পরষ্পরের সঙ্গে পরিচয় ছিল। পন্ডিচেরিতে জিসমের শুটিংয়ে মারাত্মক সব শট করতে গিয়েই একদেহ একমন হয়ে গেছেন। তবে হতাশজনক বিষয় হলো, দুজনেই এক সুরে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে বিয়ের কথা তারা ভাবছেন না। সে বিচারে আগামী তিন বছরের মধ্যে তাদের বিয়ের কোন আশা আছে বলে মনে হয় না।

কারিনা কাপুর আর শহীদ কাপুরও ডেটিং করছেন ২০০৪ সাল থেকে। কারিনা সুষ্পষ্ট করে বলেছেন, “কমপক্ষে ৫ বছর আগে আমরা বিয়ে করছি না এটা নিশ্চিত। আমি চাই শহীদ এখন ক্যারিয়ারের দিকে মনোযোগ দিক। ওর সামনে ভালো দিন আসবে, মাতিয়ে দেবে ও। বয়সটাও ওর পক্ষে আছে। তাছাড়া সে ভাল পারফরমার। ও যেন দাড়াতে পারে সে জন্য ওকে সময় দিতে চাই আমি।”

ভক্তদের ধারণা, সম্পর্ক টিকে থাকলেও এই জুটির বিয়ে ৫ বছরের আগে হচ্ছে না।

২০০৪ সাল থেকে অভিসার চালিয়ে যাচ্ছেন আয়েশা টাকিয়া ও ফারহান আজমী। তারিখ ঠিক না হলেও যে কোন সময় তারা বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন ফারহান। সমাজবাদী পার্টির সাংসদ আবু আসিম আজমীর ছেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী ফারহান ও আয়েশা উভয়ই পরিবারে কাছে তাদের সম্পর্কের কথা বলেছেন। তাদের বিয়ের ব্যাপারে পরিবারের আপত্তি নেই। তারপরও সবকিছু গুছিয়ে বিয়ে সারতে আরো বছর তিনেক লাগবে বলে অনেকের ধারণা।

লারা দত্ত ও কেলি দর্জির জুটি এর মধ্যে সবচেয়ে পুরোনো। গত শতাব্দী থেকে অভিসার চালিয়ে যাচ্ছেন তারা। বাঙ্গালোরে এক ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে দুজনের পরিচয় ১৯৯৯ সালে। গত ৭ বছর ধরে তারা লিভ টুগেদার করছেন। সুখেই আছেন। যে কোন দিন তারা বিয়ে করে ফেলতে পারেন।

প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া প্রেম করছেন ২০০৪ সাল থেকে। বোম্বে ডাইং এর মালিক নেস ওয়াদিয়া গ্লাডর‌্যাগসের ইভেন্টে পরিচয়ের পর থেকে সেঁটে আছেন প্রীতির সঙ্গে। গত বছর তাদের বিয়ের একটা গুজবও উঠেছিল। প্রীতি অবশ্য এ ব্যাপারে কূটনৈতিক বক্তব্য দিয়েছেন, “ বিয়েটা একটা ব্যক্তিগত ব্যাপার। যথাসময়ে এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নেবো। এই মুহুর্তে আমার এরকম কোন চিন্তাভাবনা নেই। এখন আমি ক্যারিয়ার নিয়েই ভাবছি। সেরকম কিছু হলে আমি ঘোষণা দিয়েই করবো।’

ভক্ত এবং বলিউড বিশেষজ্ঞদের ধারণা অ্যাশ অভিষেকের পরের বিয়েটা প্রীতি আর নেস ওয়াদিয়ার। সেটা এ বছর না হলেও আগামী বছরে হবে আশা করা যায়।