শুটিং শুরু হয়ে গেছে ‘ঐশ্বরিয়া রাই’ এর
অ্যাশ অভিষেকের বিয়ের ঠিক আগের দিন অমিতাভ বচ্চনের বাসা থেকে কয়েক ব্লক দুরের এক বাসায় ‘ঐশ্বরিয়া রাই’ নামের যে ছবির মহরতের খবর চাউর হয়েছিল সেটাকে আর গুজব বলে এড়িয়ে যাওয়ার উপায় নেই।
শাকিল এস সাইফির পরিচালনায় ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছে শনিবার। শাকিল এর আগে দুটি ছবি বানিয়েছেন বলে দাবি করেন যার একটির নাম ‘খরিদ্দার’।
ছবির সেটে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে শাকিল বলেন, “বহুদিন ধরেই আমার ইচ্ছা অ্যাশকে নিয়ে ছবি বানাবো। পেশাদার তারকাদের রোল মডেল ঐশ্বরিয়া। তিনিই প্রমাণ করেছেন প্রতিভা দিয়ে নারীরাও রুপালী পর্দায় সবচেয়ে উঁচু আসনটা দখল করে নিতে পারে।”
ছবিতে মডেল হিসেবে তার খ্যাতি, মিস ওয়ার্ল্ড শিরোপা জয়, বলিউডে জায়গা করে নেয়া এবং শীর্ষ তারকা হওয়ার পাশাপাশি সালমান খান, বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্ক এবং তার বিয়ের বিষয়গুলি উঠে আসবে।
শাকিল জানান, ছবিতে অ্যাশের চরিত্রটির নাম মাহি। অভিষেকের চরিত্রটি হবে একজন ব্যবসায়ীর। আর সালমান খানের চরিত্রে যে থাকবে তার নাম হবে ম্যাক্স, সে একজন চিত্রকর। ছবিতে ভিলেনের চরিত্রটি হবে বিবেক ওবেরয়ের। তার খায়েশ থাকবে অভিনেতা হওয়ার।
মহরতে ঐশ্বরিয়ার ভুমিকায় অভিনয় করেছেন অশ্বিনী কালে। অরুন সরকার করবেন অভিষেকের চরিত্রটি আর অক্ষর সঞ্জয় থাকবেন সালমানের ভুমিকায়। শাকিল বলেন, “ঐশ্বরিয়া রায়ের জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হলেও এ ছবির সব ঘটনাই যে বাস্তব তা নয়।”
যেমন বাস্তব ঘটনা হলো অভিষেকের সাথে ঐশ্বরিয়ার বিয়ে হয়ে গেছে। কিন্তু ছবিতে দেখা যাবে বিয়ের মন্ডপ থেকে ঐশ্বরিয়া ছুটে যাচ্ছেন সালমান খানের কাছে। তাকে এ কাজে সাহায্য করছেন বিবেক ওবেরয়।
এ বছর আগস্টে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা শাকিলের।
একটা মহৎ বাসনার কথাও জানিয়েছেন এই পরিচালক। প্রতি বছর ২০ এপ্রিল অ্যাশ অভিষেকের বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু গরীব ছেলে মেয়ে যারা অর্থাভাবে বিয়ে করতে পারছে না তাদের বিয়ে দেওয়ার আয়োজন করবেন তিনি।
সূত্র : ওয়েবসাইট।
