২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে নিয়ে পাড়া পড়শির খবর হয়েছে

ছেলের বিয়ে দিতে গিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি অমিতাভকে। সেটা তিনি উপভোগও করেছেন। কিন্তু পড়শিদেরও উপর দিয়ে যে ঝামেলা গিয়েছে সেটা খুব উপভোগ্য হয়নি। গত তিন দিন লাগাতার যন্ত্রণা পোহাতে হয়েছে তাদের যা চরম আকার ধারণ করেছিল ২০ তারিখ সন্ধ্যে নাগাদ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

অমিতাভ বচ্চনের বাড়ি প্রতীক্ষার পাশেই ভিএম রোডে আরোগ্যনিধি হাসপাতাল। এখানে কর্মরত নিতু সাবারওয়াল বেশ বিরক্তি সহকারে বলেন, “এই ভিড় বাট্টা দেখতে দেখতে আমি রীতিমতো বিরক্ত। বিয়ের অনুষ্ঠান শুরুর পর থেকে ভিড় লেগেই আছে। আমার হাসপাতাল বাসা থেকে ৫ মিনিটের রাস্তা। অথচ ভিড়ের কারণে আমার সেখানে পৌছতে ২০ মিনিট সময় লেগেছে।”

অরুন পাতিলের ক্ষোভটা আরো বেশি। ইউওয়াই ইন্ডাস্ট্রিজের এই কর্মচারী বলেন, “অনেক কষ্ট করে প্রতীক্ষার উল্টোদিকে আইসিআইসিআই ব্যাংকের শাখা অফিসে হাজির হলাম, দারোয়ান বললো, অভিষেকের বরযাত্রা না হওয়া পর্যন্ত আমি অফিসে ঢুকতে পারবো না। কী করবো, সন্ধ্যে ৬টা পর্যন্ত ঠাঁয় দাড়িয়ে রইলাম। ওখানে দাঁড়ানো কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে বললাম, আমার একটু তাড়া আছে। কেউ আমলেই নিলো না।”

মুম্বাইয়ের এক বয়স্ক নাগরিক মহেশ শাহ বিচক্ষন। সন্ধ্যে ৬টা নাগাদ বল্লভ মন্দিরে তার পূজা দিতে যাওয়ার কথা। মন্দিরটা প্রতীক্ষার কাছেই। ফলে তিনি ধরেই নিয়েছিলেন তিনি সময়মতো মন্দিরে হাজির হতে পারবেন না। পারেননি।

তবে সবাই যে ক্ষোভ প্রকাশ করেছেন তা নয়। জেভিপিডি’র ৯ নম্বর রোডের সমাজকর্মী পুষ্প গান্ধী বলেছেন, “ অমিতাভকে দোষ দেওয়ার কোন মানে হয় না। আমাদের বোঝা উচিত উনি কত বড় মাপের মানুষ। তার ছেলের বিয়েতে এরকম হতেই পারে। আমি তো বরং খুশি যে ওনার ছেলের বিয়ে উপলক্ষে আমরাও কিছু অবদান রাখতে পেরেছি। অমিতাভের এলাকায় থাকতে পেরে আমি গর্বিত।”

অমিতাভের এলাকার এক গৃহিনী রোস লোবো খুব বিরক্ত না হলেও অনুযোগ করে বলেন, “খুব ভালো হতো যদি অমিতাভ কিছু পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করতেন। জুহুর বাইরে থেকে কতো কতো লোক এসে বিয়েতে অংশ নিচ্ছে। আমাদেরও তো ইচ্ছে করে প্রতিবেশীর বিয়েতে থাকতে।”

তবে এতোসব সত্বেও সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে নওশা সেজে ঘোড়ায় চড়ে অভিষেক যখন বাইরে এলেন তখন তাকে দেখে সবারই ভালো লেগেছিল।

এক প্রতিবেশী বলেন, “ এ যেন একটা সোপ অপেরা। আমরা ছিলাম এর নিরব দর্শক।” আরেকজন বলেন, “ ওরা এতো রাখ ঢাক গুড় গুড় করেছে আসলে বেশি করে নজর কাড়ার জন্য।” “পুরো ব্যাপারাটা একটা তামাশায় পরিণত হয়েছে। চ্যানেলগুলোর কি এছাড়া আর কিছু দেখাবার ছিল না। ওরা যেহেতু ব্যাক্তিগতবাবে অনুষ্ঠানটা করতে চেয়েছে সেটাই করতে দেয়া উচিত ছিল।” বলেছেন আরেক প্রতিবেশী।