অমিতাভের বাড়িটি টুরিস্ট স্পটে পরিণত হয়েছে
অ্যাশ অভিষেকের বিয়েকে কেন্দ্র করে এখন মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় অমিতাভের বাড়িটি টুরিস্ট হটস্পটে পরিণত হয়েছে। ভক্তরা ছাড়াও জুহুতে বেড়াতে আসা অনেকেও একটু উঁকি দিয়ে যাচ্ছেন ‘প্রতীক্ষা’য়। জেভিপিডি এলাকার ১০ নম্বর রোডের এই বাসাতেই ১৮ তারিখ ও আজ ১৯ তারিখ চলছে বিয়ের মেহেদী রসম ও সঙ্গীতানুষ্ঠান। ২০ এপ্রিল হবে বিয়ের মূল অনুষ্ঠান।
অভিষেকের ভক্ত রবি পান্ডে এসেছেন কানপুর থেকে। তার প্রিয় তারকার পছন্দের লাড্ডু নিয়ে এসে তিনিও দাড়িয়ে আছেন প্রতীক্ষার বাইরে। আফসোসের সঙ্গে জানালেন, “বা্িন্ট আউর বাবলি ছবির শুটিং করার সময় কানপুরে আমাদের দোকানে শুটিং করা হয়েছিল। অভিষেক তখন আমাদের দোকানের লাড্ডু খেয়ে খুব পছন্দ করেছিল। সে জন্যই অতো দুর থেকে কষ্ট করে ওর জন্য লাড্ডু নিয়ে এলাম। ইচ্ছে ছিল ওর হাতে তুলে দেবো। কিন্তু গার্ডরা তো ভিতরেই ঢুকতে দিচ্ছে না।”
বিয়ের অনুষ্ঠান দেখবেন বলে সুদুর দক্ষিন আফ্রিকা থেকে উড়ে এসেছেন মেঘা যোশী। বললেন, “আমি খুব আশায় আছি অন্তত একবারের জন্য হলেও বর-কনেকে দেখতে পাবো।
দক্ষিন আফ্রিকায় ‘ধুম টু ’ এর শুটিং এর সময় অভিষেক আর ঐশ্বরিয়ার সাথে ১৯ বছরের এই কিশোরীর সাক্ষাৎ হয়েছিল। “কঠিন নিরাপত্তা ব্যবস্থার কারণে অটোগ্রাফ নিতে পারিনি তখন। তবে ওদের সাথে হ্যান্ডশেক করেছিলাম।”
“আমি একটা কার্ড আর কিছু উপহার নিয়ে এসেছি। বিয়ের হাঙ্গামা কমলে আমি নিজে গিয়ে ওদের উপহারটা দিয়ে আসবো।” বলেছেন মেঘা।
একা নন, পুরো পরিবার নিয়েই হাজির হয়েছেন সুরেশ। হতাশ কন্ঠে বললেন, “জমকালো বিয়ের খবর শুনে সেই মালাদ থেকে এসেছি। এখানে এসে অবস্থা দেখে মনে হচ্ছে না যে বড়-কনেকে দেখতে পাবো।”
শুধু এরা নন, রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তারা, এমনকি গাড়ির ড্রাইভাররা সারসের মতো জানালা দিয়ে গলা বাড়িয়ে একটু দেখে নিতে চেষ্টা করছেন বাড়ির ভিতরে কী হচ্ছে।
প্রতীক্ষার সামনে এতো মানুষের জটলা দেখে যথারীতি সেখানে হাজির হয়েছেন নানারকম ফেরিওয়ালা, বাদামঅলা, ঠান্ডা পানীয় আর আইসক্রিম বিক্রেতারা। আদর্শ মেজবানের মতো প্রহরারত পুলিশদের জন্য অমিতাভ দু ঘন্টা পরপরই খাবারে বাক্স আর ঠান্ডা পানীয়র ব্যবস্থা করছেন।
খুশিমনে একজন পুলিশকর্মী জানালেন, “এখানে সকাল ৭টা থেকে দাড়িয়ে আছি আমরা। তবে ওনার (অমিতাভের) দয়ার শরীর। কিছুক্ষন পরপরই আমাদের জন্য এটা সেটা খাবারদাবার পাঠাচ্ছেন। সামোসা, বান্দা পাব আর গোলাপ জাম তো আসছেই।”
প্রতীক্ষার পাশেই ফায়ার ব্রিগেডের গাড়ি মজুদ আছে। সেই সঙ্গে আছে আসবাবপত্র ও বাসনপত্র ও ফুল বহনের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা।
গতকাল ঐশ্বরিয়ার গাড়ি বাংলোতে ঢোকার সময় অপেক্ষারত জনতা হর্ষধ্বনি দেয়। তবে বিশেষ কাচের জন্য তাকে ভালোভাবে কেউই দেখতে পায়নি।
বিভিন্ন পত্রিকা আর চ্যানেলের সাংবাদিক আর ক্যামেরাম্যানরাও এসেছিল। প্রতীক্ষার উল্টোদিকের ফুটপাথ, আসে পাশের বাসা থেকে ছবি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কোন বাসার নিরাপত্তাকর্মীই তাদের ভিতরে ঢুকতে দেয়নি।
আজ ১৯ এপ্রিল কনের বিয়ের মেহেদী রসম। প্রতীক্ষাতেও হবে সঙ্গীতানুষ্ঠান। আগামীকাল ২০ এপ্রিল অক্ষয়া তৃতীয়ার শুভলগ্নে অনুষ্ঠিত হবে বিয়ের মন্ত্রপাঠ।
সূত্র : ওয়েবসাইট।
